১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কম্পিউটার কোড লেখার মতো এআই মডেল আনতে যাচ্ছে মেটা

কোড এললামা নামের মডেলটি ব্যবহারকারীদের নির্দেশনা অনুসারে কোড লিখতে পারবে, যা ব্যবহার করা যাবে বিনামূল্যে, কাজে লাগানো যাবে ভুল সংশোধন বা প্রতিযোগিতায়।

কম্পিউটার কোড লেখার মতো এআই মডেল আনতে যাচ্ছে মেটা

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 09:43 PM

Updated : 24 Aug 2023, 09:43 PM

এআই জগতে নিজের অবস্থান পোক্ত করতে কম্পিউটার কোড লেখার সহায়ক এআই মডেল প্রকাশের ঘোষণা দিয়েছে মেটা।

কোড এললামা নামের মডেলটি ব্যবহারকারীদের প্রম্পট (নির্দেশনা) অনুসারে কোড লিখতে পারবে, যা ব্যবহার করা যাবে বিনামূল্যে, কাজে লাগানো যাবে প্রতিযোগিতায় কিংবা ভুল সংশোধনে – এক ব্লগপোস্টে বলেছে কোম্পানিটি।

গত নভেম্বরে ওপেন এআইয়ের তৈরি চ্যাটজিপিটি প্রকাশের পরপর বিভিন্ন ব্যবসা এবং প্রতিষ্ঠান নবাগত প্রযুক্তিটির সক্ষমতা কাজে লাগিয়ে তাদের ব্যবসায় আমূল পরিবর্তন আনতে উঠে পড়ে লেগেছে।

ফেইসবুক এবং ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটা তড়িঘড়ি করে এ বছর কয়েকটি এআই মডেল প্রকাশ করে, যাদের বেশিরভাগই ছিলো বিনামূল্যে ব্যবহারযোগ্য। এর মধ্যে রয়েছে এললামা নামের একটি ওপেনসোর্স ল্যাঙ্গুয়েজ মডেল। যার প্রকাশের ফলে মাইক্রোসফট সমর্থিত ওপেন এআই এবং অ্যালফাবেটের মালিকানাধীন মডেলগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জের সৃষ্টি হলো বলে লিখেছে রয়টার্স।

মেটার সর্বশেষ এললামা ২ ব্যবহার করে বানানো হয়েছে এই নতুন মডেলটি, যা একাধিক সংস্করণে প্রকাশ করা হবে, বলেছে কোম্পানিটি। যার উদ্দেশ্য হচ্ছে মাইক্রোসফটের কোড লেখা সহায়ক পণ্য গিটহাব কোপাইলটের সঙ্গে প্রতিযোগিতায় নামা।

কোড এললামা দিয়ে পাইথন, জাভা এবং সি++ এর মতো জনপ্রিয় ল্যাঙ্গুয়েজগুলোতে কোড লেখা যাবে, তবে অন্যান্য লেখালেখির কাজে মডেলটিকে ব্যবহার না করার পরামর্শই দিয়েছে মেটা।