Published : 09 Jul 2025, 06:03 PM
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে নিয়ে অপমানজনক কথা বলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট গ্রককে নিষিদ্ধের নির্দেশ দিয়েছে দেশটির এক আদালত।
বুধবার তুরস্কের আদালতের এই নির্দেশনায় অভিযোগ উঠেছে, দেশটির প্রেসিডেন্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপমানজনক তথ্য ছড়িয়েছে চ্যাটবটটি।
এর আগে, তুরস্কের সরকারপন্থী টিভি চ্যানেল ‘এ হাবার’ প্রতিবেদনে লিখেছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, তার প্রয়াত মা ও দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে বাজে কথা বলেছে মার্কিন ধনকুবের মাস্কের এআই স্টার্টআপ ‘এক্সএআই’য়ের তৈরি চ্যাটবট গ্রক।
দেশটির আরও কিছু সংবাদমাধ্যম প্রতিবেদনে লিখছে, তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক সম্পর্কেও অপমানজনক মন্তব্য করেছে চ্যাটবটটি। এসব প্রতিবেদন প্রকাশের পরই তুরস্কে গ্রক বন্ধের নির্দেশ এল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বাজে মন্তব্যের পর তুরস্কের রাজধানী আঙ্কারার সাধারণ মানুষ ক্ষুব্ধ হন এবং অভিযোগ করেন, চ্যাটবটটির এমন আচরণ তুরস্কের জনশৃঙ্খলার জন্য হুমকি। দেশটির ইন্টারনেট আইনের আওতায় চ্যাটবটটির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করেন তারা।
এরপর বুধবার সকালে সেই আবেদন মঞ্জুর করে ও দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে গ্রক বন্ধের নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দিয়েছে তুরস্কের এক ফৌজদারি আদালত।
ইন্ডিপেনডেন্ট লিখেছে, গ্রক চ্যাটবটে নতুন এক আপডেট আসার পর থেকে চ্যাটবটটি আগের চেয়েও বেশি বেসামাল উত্তর দিতে শুরু করেছে, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তুরস্কের এ নিষেধাজ্ঞা সেই বিতর্কেরই সর্বশেষ অংশ।
বাড়তে থাকা বিতর্কের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বলেছে, তাদের সাম্প্রতিক বিভিন্ন পোস্টের ব্যাপারে তারা জানে এবং অশোভন বা উপযোগী নয় এমন কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলার জন্য পদক্ষেপও নিয়েছে তারা।
এক বিবৃতিতে এক্সএআই বলেছে, “এ ধরনের কনটেন্টের বিষয়ে জানার পর থেকে আমরা এমন ব্যবস্থা নিয়েছি, যাতে গ্রক চ্যাটবট কিছু পোস্ট করার আগেই ঘৃণামূলক বক্তব্য বা অপমানজনক কথা আটকানো যায়।”
“এক্সএআই কেবল সত্যনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে কাজ করছে এবং এক্স-এর লাখ লাখ ব্যবহারকারীর কারণে আমরা দ্রুত বুঝতে পারি কোথায় চ্যাটবটটির প্রশিক্ষণ উন্নত করা দরকার এবং সেই অনুযায়ী মডেলটিকে আপডেটও করি আমরা।”