০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ইনস্টাগ্রামে সেইভ না করেও এখন দেখা যাবে পুরনো রিল

অ্যাপে নতুন যুক্ত হওয়া এক ফিচার ব্যবহারকারীদের স্ক্রল করতে করতে হঠাৎ রিফ্রেশ হয়ে পছন্দের ভিডিও হারিয়ে যাওয়ার মত পরিস্থিতি থেকে রেহাই দেবে।

ইনস্টাগ্রামে সেইভ না করেও এখন দেখা যাবে পুরনো রিল
ব্যবহারকারীরা চাইলে ‘ওয়াচ হিস্ট্রি’ নিজেদের মত করে সাজাতে পারবেন। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 02:49 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

ইনস্টাগ্রামে এখন থেকে সেইভ না করেও পুরনো রিল দেখা যাবে। অ্যাপে নতুন যুক্ত হওয়া এক ফিচার ব্যবহারকারীদের স্ক্রল করতে করতে হঠাৎ রিফ্রেশ হয়ে পছন্দের ভিডিও হারিয়ে যাওয়ার মত পরিস্থিতি থেকে রেহাই দেবে।  

ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি শুক্রবার এক রিলে এই নতুন ফিচারটির ঘোষণা করেন। তিনি বলেন, “আপনি যদি প্রোফাইলে গিয়ে সেটিংস-এর ‘ইওর অ্যাক্টিভিটি’ সেকশনে যান সেখানে এখন ‘ওয়াচ হিস্ট্রি’ অপশনটি পাবেন। এখানে আগের দেখা সব রিল দেখতে পাবেন।”

মোসেরি বলেন, ব্যবহারকারীরা চাইলে এই ‘ওয়াচ হিস্ট্রি’ অংশটি নিজেদের মত করে সাজাতে পারবেন।

“আপনি চাইলে পুরোনো থেকে নতুন বা নতুন থেকে পুরোনো ক্রমে রিল সাজাতে পারবেন। নির্দিষ্ট তারিখ বা তারিখের সীমা অনুযায়ী ফিল্টার করতে পারবেন। এমনকি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা অ্যাকাউন্টের রিলও আলাদা করে দেখতে পারবেন,” যোগ করেন তিনি।

এই ঘোষণার পর ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সামাজিক মাধ্যমটিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “এটা বেশ প্রয়োজনীয়!”। আরেকজনের মন্তব্য, “অবশেষে, ফিচারটি অনেক ভালোবাসি!” অন্য একজন লিখেছেন, “হে খোদা, এটা আমার খুব দরকার ছিল। অনেক ধন্যবাদ!”

টিকটক ব্যবহারকারীরা যদিও এই সুবিধা আগে থেকেই উপভোগ করছেন। ইনস্টাগ্রামের প্রতিদ্বন্দ্বী এই অ্যাপটিতে ‘ওয়াচ হিস্ট্রি’ দেখতে হলে প্রোফাইলের গিয়ে উপরের ডান দিকের তিনটি লাইনে ট্যাপ করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ > ‘অ্যাক্টিভিটি সেন্টার’ > ‘ওয়াচ হিস্ট্রি’-তে যেতে হয়।

ইউটিউবেও একই ধরনের সুবিধা রয়েছে। সেখানে শর্টস ও দীর্ঘ ভিডিওগুলো একই ওয়াচ হিস্ট্রিতে যুক্ত থাকে। ওয়াচ হিস্ট্রি দেখতে ব্যবহারকারীদের প্রোফাইলে গিয়ে ‘হিস্ট্রি’ অপশনটি খুলতে হয়। 

সম্প্রতি ইনস্টাগ্রাম বেশ কিছু নতুন পরিবর্তন আনছে মেটা। চলতি মাসের শুরুতেই মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি চালু করেছে ‘রিংস’ নামের একটি পুরস্কার প্রোগ্রাম। এটি সবচেয়ে সৃজনশীল কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি দিতে তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

এই পুরস্কারের বিজয়ীদের নাম এখনো ঘোষণা করা হয়নি। বিজয়ীরা পাবেন ব্রিটিশ ডিজাইনার গ্রেস ওয়েলস বনর ডিজাইন করা একটি বাস্তব আংটি এবং তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ডিজিটাল রিং।

বিজয়ীরা যখন ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করবেন তাদের প্রোফাইল ছবির চারপাশে সোনালি রঙের রিং দেখা যাবে। পাশাপাশি তারা নিজেদের প্রোফাইল ব্যাকগ্রাউন্ডের রং এবং ‘লাইক’ বোতামের ডিজাইনও কাস্টমাইজ করতে পারবেন।

এই উদ্যোগ সম্পর্কে ইউটিউবার এবং নির্বাচক প্যানেলের সদস্য মার্কেস ব্রাউনলি মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে বলেন, “এটি মূলত বিশেষ স্বীকৃতি ও দৃশ্যমান মর্যাদা দেওয়ার একটি উদ্যোগ। এটি কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীল হতে অনুপ্রাণিত করবে এবং তাদের কাজের স্বীকৃতিকে আরও অর্থবহ করবে।”