Published : 20 Aug 2026, 03:47 PM
বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচশ শহর ও এলাকায় ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহের পরিসর বাড়ানোর পরিকল্পনা করেছে অ্যামাজন। বর্তমানে এমন এলাকার সংখ্যা ১১টি।
অ্যামাজন এই সম্প্রসারণের পরিকল্পনা রয়টার্সকে জানিয়েছে বুধবার। একেকটি ডেলিভারি কেন্দ্র থেকে প্রায় ১২ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একাধিক শহর বা এলাকায় পণ্য পৌঁছে দিতে পারে ড্রোন।
২০১৩ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রথমবার ড্রোন দিয়ে পণ্য সরবরাহের পরিকল্পনা তুলে ধরেন। তখন তিনি এগুলোকে ‘অক্টোকপ্টার’ হিসেবে উল্লেখ করেন এবং চার থেকে পাঁচ বছরের মধ্যে এই সেবা চালুর আশা প্রকাশ করেছিলেন।
বর্তমানে নেব্রাস্কার প্যাপিলিয়ন ও ফ্লোরিডার রাসকিনসহ ১১টি এলাকায় ড্রোনে পণ্য সরবরাহ করছে অ্যামাজন। নিউ ইয়র্কের সিরাকুজ এবং ক্লিভল্যান্ডের আশপাশের এলাকাতেও সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে প্রায় পাঁচশ এলাকায় পৌঁছানোর লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
২০১৩ সালের পর থেকে অ্যামাজন কয়েক দফায় তাদের প্রাইম এয়ার ড্রোনের নকশা বদলেছে। আগের মডেলগুলো প্যাকেট নামিয়ে দিতে মাটিতে অবতরণ করত। বর্তমানে ব্যবহৃত এমকে৩০ মডেলটি মাটি থেকে কয়েক ফুট ওপরে ভেসে থেকে প্যাকেট ছেড়ে দেয়।
ড্রোনে পণ্য সরবরাহের জন্য গ্রাহককে ৪.৯৯ ডলার দিতে হয়। প্রাইম সদস্যদের জন্য খরচ দুই ডলার কম। আর, অন্তত ৫০ ডলারের পণ্য কিনলে এই ফি দিতে হয় না।
নতুন এলাকায় সেবা চালু করতে প্রতিটি এলাকার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে অ্যামাজনকে। অনেক ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলের শুনানি এবং বাসিন্দাদের মতামতও নিতে হয়। প্রতিষ্ঠানটি বলেছে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ এলাকায় ড্রোন ওড়ানোর জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন তাদের রয়েছে।
এরই মধ্যে বিভিন্ন এলাকায় ড্রোনের শব্দ, নিরাপত্তা এবং পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে। মে মাসে আইডাহোর নামপা শহরের পরিকল্পনা ও জোনিং-সংক্রান্ত এক বৈঠকে অ্যামাজনের নির্বাহী স্যাম বেইলিকে প্রায় এক ঘণ্টা এসব বিষয়ে প্রশ্ন করেন স্থানীয়রা। পাখির নিরাপত্তা নিয়েও আপত্তি ওঠে। পরে বোর্ড সর্বসম্মতভাবে সেখানে সেবাটি চালুর অনুমোদন দেয়।
বেইলি বলেন, ড্রোনটি নামার সময় এবং পরে উড়ে চলে যাওয়ার সময় প্রায় ২০ সেকেন্ড পর্যন্ত শোনা যাবে। তার ভাষ্য অনুযায়ী, এর শব্দের মাত্রা ঘাস কাটার যন্ত্রের চেয়ে কম।
তিনি বলেন, “এটি খুব অল্প সময়ের অভিজ্ঞতা। এটি নতুন উদ্ভাবন হওয়ায় ভিন্ন মনে হবে, তবে আপনার রাস্তায় একটি পণ্য সরবরাহের ট্রাক আসার চেয়ে এটি আলাদা কিছু নয়।”
বেইলির মতে, বয়স্ক মানুষ, যাদের সন্তান হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছে এবং যারা বাড়িতে রান্নার জন্য কোনো উপকরণ আনতে ভুলে গেছেন, তাদের জন্য ড্রোনে পণ্য সরবরাহ কাজে আসতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সফল ড্রোন সরবরাহের ভিডিওগুলোতে দেখা যায়, ড্রোনের শব্দ অনেকটা পাতাঝরা পরিষ্কার করার যন্ত্রের মতো হলেও সেই শব্দ দীর্ঘ সময় থাকে না। গোপনীয়তা নিয়ে স্থানীয়দের উদ্বেগও রয়েছে। তবে অ্যামাজনের দাবি, ড্রোনে থাকা ক্যামেরা শুধু চলাচলের পথ নির্ধারণের কাজে ব্যবহার হয়।
ড্রোন নিয়ে দুর্ঘটনাও ঘটেছে। গত অক্টোবর মাসে অ্যারিজোনার শহরতলিতে দুটি ড্রোন একটি ক্রেনের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাটি নিয়ে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের তদন্ত এখনো চলছে।
মার্চ মাসে টেক্সাসের রিচার্ডসন শহরের এক শুনানিতে এক বাসিন্দা ড্রোনের শব্দ নিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, “আমি নিয়মিত মাথার ওপর দিয়ে ড্রোনের গুঞ্জন শুনি। এটি খুব বিরক্তিকর এবং মোটেও শান্তিপূর্ণ নয়।”
এর জবাবে বেইলি কাউন্সিল সদস্যদের জানান, অ্যামাজন ড্রোনগুলোর গড় উড্ডয়ন উচ্চতা পরিবর্তন করেছে। বাণিজ্যিক এলাকার ওপর দিয়ে ড্রোন চালানোর প্রবণতা বাড়াতে উড্ডয়ন পথেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
তবে স্থানীয় আপত্তি থাকলেও অ্যামাজনের ড্রোন সেবা এগিয়ে যাবে বলে মনে করছেন অন্তত একজন কাউন্সিল সদস্য। তিনি বলেন, “এই প্রযুক্তি অনিবার্য। নতুন সব প্রযুক্তি এবং প্রযুক্তির নতুন সব ব্যবস্থার ক্ষেত্রে আমাদের কাজ হলো এর সঙ্গে কাজ করার উপায় খুঁজে বের করা এবং পথ চলতে চলতে পরিবর্তন আনা।”