১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিরামিডের পাশেই ‘জিরিয়ান’ নামে মেগা শহর গড়ছে মিসর

এই টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্প মরুভূমির যে জমি এতদিন মূল্যহীন ছিল, সেটিতে নতুন প্রাণ সঞ্চার করবে।

পিরামিডের পাশেই ‘জিরিয়ান’ নামে মেগা শহর গড়ছে মিসর
গিজার পাশে গড়ে উঠছে আধুনিক শহর ‘জিরিয়ান’। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 08:01 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

কায়রোর দক্ষিণ-পশ্চিমে, গিজার বিশাল পিরামিডের একেবারে কাছেই নতুন এক আধুনিক শহর গড়ার পরিকল্পনা ঘোষণা করেছে মিসর সরকার।

‘জিরিয়ান’ (আরবি শব্দ, যার অর্থ ‘স্রোত’) নামের এই প্রকল্পে নির্মিত হবে ২৫ থেকে ৩০ লাখ নতুন আবাসন। মরুভূমিকে উর্বর কৃষিজমিতে রূপান্তরের বৃহৎ উদ্যোগের অংশ হিসেবে এই শহর গড়ার ঘোষণা দেওয়া হয় রোববার।

শহরের ভেতর দিয়ে প্রবাহিত হবে একটি কৃত্রিম খাল, যা নীলনদ থেকে পানি সরবরাহ করবে। এই খাল শুধু শহরের সৌন্দর্যই বাড়াবে না, আশপাশের কৃষিজমির জন্য পানি সরবরাহের উৎস হিসেবেও কাজ করবে।

মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি বলেন, ‘এই টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্প মরুভূমির যে জমি এতদিন মূল্যহীন ছিল, সেটিতে নতুন প্রাণ সঞ্চার করবে।’

শহরটিতে থাকবে বিলাসবহুল বাসস্থান, ৮০ তলা উঁচু ভবন, হাসপাতাল, একটি পরিবেশবান্ধব হোটেল, বিপণি এলাকা এবং একটি সাংস্কৃতিক ও গণমাধ্যম অঞ্চল।

স্থানটি বেছে নেওয়া হয়েছে অত্যন্ত কৌশলগতভাবে। নতুন এই শহর গড়ে উঠবে গিজার পিরামিড, আসন্ন গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম (যা জনসাধারণের জন্য খুলবে জুলাইয়ে) এবং স্ফিংস বিমানবন্দরের খুব কাছেই।

মিসর সরকার বলেছে, আগামী পাঁচ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে এবং এতে সাড়ে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে।