Published : 11 Jan 2026, 06:44 PM
ইনস্টাগ্রামে বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে, যেখানে ঝুঁকিতে রয়েছে ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। এ কারণে সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে পাসওয়ার্ড রিসেট করার অনুরোধ পেয়েছেন অনেক ব্যবহারকারী।
অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানি ‘ম্যালওয়্যারবাইটস’-এর রিপোর্ট অনুসারে, ইনস্টাগ্রামে এ ঘটনায় ব্যবহারকারীদের ‘সংবেদনশীল তথ্য’ প্রকাশ্যে এসেছে।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীদের ইউজার নেইম, ঠিকানা, ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেসসহ আরও অনেক ব্যক্তিগত তথ্য রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
‘ম্যালওয়্যারবাইটস’ বলেছে, এসব ‘তথ্য ডার্ক ওয়েবে বিক্রির জন্য রাখা আছে এবং ব্যবহারকারীদের এসব ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা’।
নিজেদের গ্রাহকদের পাঠানো এক ইমেইলে ‘ম্যালওয়্যারবাইটস’ বলেছে, নিয়মিত ডার্ক ওয়েব স্ক্যানিংয়ের সময় তথ্য ফাঁসের বিষয়টি ধরতে পেরেছে তারা। ২০২৪ সালের এক ঘটনায় ইনস্টাগ্রামের এপিআই উন্মুক্ত হয়ে যাওয়ার ফলে এসব তথ্য ফাঁস হয়ে থাকতে পারে।
তথ্য ফাঁসের ফলে অনেক ব্যবহারকারী তাদের ইমেইলে ইনস্টাগ্রাম থেকে পাসওয়ার্ড রিসেটের অনুরোধ পাচ্ছেন।
ফাঁস হওয়া এসব তথ্য ব্যবহার করে ভয়াবহ আক্রমণ চালাতে পারে সাইবার অপরাধীরা। যার মধ্যে রয়েছে যেমন ফিশিং বা প্রতারণামূলক মেসেজ ও সরাসরি অ্যাকাউন্ট দখল করে নেওয়া মতো বিষয়।
এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। তবে তথ্য ফাঁসের ঘটনায় মেটা’র বিপাকে পড়ার ঘটনা এবারই প্রথম নয়।
নিজেদের স্বার্থে ব্যবহারকারীরা এখনই তাদের পাসওয়ার্ড বদলে ফেলা ও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নিতে পারেন, সেটিই এ মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে।
আরও ভালো হয় ব্যবহারকারী যদি মেটা’র ‘অ্যাকাউন্টস সেন্টার’ থেকে দেখে নিতে পারেন যে, তার অ্যাকাউন্টটি বর্তমানে কোন কোন ডিভাইসে লগড-ইন আছে।