০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আরও ৫ শহরে আসছে স্ব-চালিত ওয়েইমো

কোম্পানিটি বলেছে, মায়ামিতে মঙ্গলবার থেকে যাত্রী ছাড়া এ কার্যক্রম শুরু হবে। বাকি চার শহরে পরবর্তী ‘কয়েক সপ্তাহে’ এই ধাপ শুরু হবে।

যুক্তরাষ্ট্রের আরও ৫ শহরে আসছে স্ব-চালিত ওয়েইমো
পরবর্তী শহরের তালিকায় রয়েছে সান ডিয়েগো, ডেট্রয়েট ও লাস ভেগাস। ছবি: ওয়েইমো

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

এবার যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ফ্লোরিডার পাঁচটি নতুন শহরে চালু হচ্ছে গুগলের স্ব-চালিত গাড়ি কোম্পানি ওয়েইমো’র সেবা।

টেক্সাস ও ফ্লোরিডার মায়ামি, ডালাস, হিউস্টন, সান অ্যান্টোনিও ও অরল্যান্ডো শহরে স্ব-চালিত গাড়ি আগামী বছর থেকে যাত্রা শুরু করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

অ্যালফাবেটের মালিকানাধীন কোম্পানিটি বলেছে, মায়ামিতে মঙ্গলবার থেকে যাত্রী ছাড়া এ কার্যক্রম শুরু হবে। বাকি চার শহরে পরবর্তী ‘কয়েক সপ্তাহে’ এই ধাপ শুরু হবে। এ ধাপে যাত্রী ছাড়া ওয়েইমোর বিভিন্ন গাড়ি এসব শহরে ঘুরে বেড়াবে, যাতে স্থানীয় ট্রাফিক নিয়ম, রাস্তার বিভিন্ন চ্যালেঞ্জ চিনে গাড়ি চালানোর অ্যালগরিদম ঠিক করতে পারে তারা।

ওয়েইমো বলেছে, নতুন শহরে এই ‘স্থানীয় অভিযোজন ধাপ’ শুরু করলে প্রথম শহরের চেয়ে পরের শহরে কম পরিবর্তন প্রয়োজন হয়। এসব তথ্য ব্যবহার করে গাড়ির সফটওয়্যার উন্নত করে তারা, যা বাস্তব গাড়ি চালনার অভিজ্ঞতা ও উন্নত সিমুলেশনের মাধ্যমে যাচাই এবং নিয়মিত সফটওয়্যার আপডেটের মাধ্যমে তা বাস্তবায়িত হয়।

কোম্পানিটি দাবি করছে, নিজেদের রোবট্যাক্সি মানুষ চালকের তুলনায় দুর্ঘটনায় পড়ার হার ১১ ভাগের এক ভাগ।

ওয়েইমোর স্ব-চালিত গাড়ি বর্তমানে স্যান ফ্রান্সিসকো বে এরিয়া, লস অ্যাঞ্জেলেস, ফিনিক্স, আটলান্টা ও অস্টিন শহরে যাত্রী নিচ্ছে। পরবর্তী শহরের তালিকায় রয়েছে স্যান ডিয়েগো, ডেট্রয়েট ও লাস ভেগাস।