Published : 20 Jan 2026, 10:46 AM
জনপ্রিয়তার দৌড়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে মেটার সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস। মোবাইল অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে প্রথমবারের মতো ইলন মাস্কের এক্স’কে পেছনে ফেলেছে প্ল্যাটফর্মটি।
মার্কেট ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ‘সিমিলারওয়েব’-এর প্রতিবেদনে উঠে এসেছে, মোবাইল ডিভাইসে দৈনিক ব্যবহারের ক্ষেত্রে এখন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’কে ছাড়িয়ে গেছে থ্রেডস।
ব্রাউজার বা ওয়েব ব্যবহারের ক্ষেত্রে এক্স এখনও থ্রেডসের চেয়ে অনেক এগিয়ে থাকলেও গত কয়েক মাসে আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপে থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
সিমিলারওয়েব-এর তথ্য অনুসারে, গত কয়েক মাসের ধারাবাহিক বৃদ্ধির পর ২০২৬ সালের ৭ জানুয়ারি পর্যন্ত আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ১৫ লাখে।
অন্যদিকে, একই সময়ে মোবাইল ডিভাইসে এক্স-এর দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ৫০ লাখ।
এ কোনো সাময়িক ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী পরিবর্তনেরই ফল। কারণ সম্প্রতি এক্স নিয়ে নানা ধরনের বিতর্ক চলছে। ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গ্রক ব্যবহার করে নারী ও অপ্রাপ্তবয়স্কদেরও আপত্তিকর ও ভুয়া নগ্ন ছবি তৈরি করছে।
এসব ডিপফেইক ছবি নিয়ে উদ্বেগের কারণে এখন গ্রক-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল। এর আগে, এক্স-এর বিরুদ্ধে একই ধরনের তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত ও ব্রাজিলসহ আরও অনেক দেশ।
এক্স-কে ঘিরে তৈরি হওয়া এই অস্থিরতা ও বিতর্কের ফলে সামাজিক মাধ্যম স্টার্টআপ ব্লুস্কাই-এর অ্যাপ ডাউনলোডের সংখ্যাও গত কয়েক দিনে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
থ্রেডসের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বাড়ার পেছনে অন্যান্য কারণও থাকতে পারে। যার মধ্যে একটি হচ্ছে মেটার অন্যান্য বড় অ্যাপ ফেইসবুক ও ইনস্টাগ্রামে থ্রেডসের ব্যাপক প্রচারণা, যেখানে নিয়মিতভাবে ব্যবহারকারীদের থ্রেডস ব্যবহারের পরামর্শ দেয় মেটা।
এ ছাড়া থ্রেডসে কনটেন্ট নির্মাতদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া ও অ্যাপটিতে দ্রুত নতুন নতুন ফিচার নিয়ে আসাও এর পেছনে বড় ভূমিকা রেখেছে।
গত এক বছরে থ্রেডস তাদের প্ল্যাটফর্মে অনেক নতুন সুবিধা যোগ করেছে; যার মধ্যে রয়েছে, পছন্দের বিষয়ভিত্তিক কমিউনিটি, উন্নত ফিল্টার, ডাইরেক্ট মেসেজ পাঠানোর সুবিধা, বড় টেক্সট লেখার সুযোগ ও স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া পোস্ট।
মেটার তথ্য অনুসারে, ২০২৫ সালের অগাস্টে থ্রেডসের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে। এরপর গেল বছরের অক্টোবরে থ্রেডসে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা হয়েছে ১৫ কোটি।
অন্যদিকে, ওয়েব বা ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে থ্রেডসের জনপ্রিয়তা বেশ কম।
সিমিলারওয়েব-এর তথ্য অনুসারে, ওয়েব প্ল্যাটফর্মে প্রায় ১৫ কোটি দৈনিক ভিজিট নিয়ে স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে এক্স।
গেল বছরের জানুয়ারির হিসাব অনুসারে, ওয়েবে এক্স-এর দৈনিক ভিজিট সংখ্যা ছিল ১৪ কোটি ৫৪ লাখ। এর বিপরীতে থ্রেডসের দুটি ওয়েবসাইট মিলিয়ে দৈনিক ভিজিট কেবল ৮৫ লাখ।