Published : 20 Oct 2025, 05:45 PM
বৈশ্বিক দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বাড়ছেই। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দেশটির ন্যাশনাল টাইম সার্ভিস সেন্টার বা জাতীয় সময় কেন্দ্রের ওপর সাইবার হামলা চালিয়েছে বলে দাবি চীনের।
চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটিতে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’ বা এনএসএ।
রয়টার্স লিখেছে, নিজেদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে চীনা সংস্থাটি বলেছে, চীনের ‘ন্যাশনাল টাইম সার্ভিস সেন্টার’কে লক্ষ্যবস্তু করেছে এনএসএ। কেন্দ্রটি চীনের ‘অ্যাকাডেমি অফ সায়েন্সেস’-এর অধীনে কাজ করে এবং দেশের মান সময় নির্ধারণ, সংরক্ষণ ও সরবরাহের দায়িত্বে রয়েছে, যা চীনের যোগাযোগ, প্রতিরক্ষা ও আর্থিক খাতসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সেবা দেয়।
নিরাপত্তা মন্ত্রণালয় বলেছে, এ সাইবার অভিযানে প্রায় ৪২ ধরনের ‘বিশেষ সাইবার হামলার অস্ত্র’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে ন্যাশনাল টাইম সার্ভিস সেন্টার-এ প্রবেশ করেছে তারা। এ হামলার ফলে চীনের নেটওয়ার্ক যোগাযোগ, আর্থিক ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারত।
উইচ্যাট পোস্টে সংস্থাটি আরও বলেছে, বিদেশি এক মোবাইল ফোন ব্র্যান্ডের মেসেজিং সিস্টেমের দুর্বলতা ব্যবহার করে জাতীয় সময় কেন্দ্রের কর্মীদের ফোন থেকে গোপন তথ্য চুরি করেছে এনএসএ। তবে সেই ফোন ব্র্যান্ডের নাম উল্লেখ করেনি সংস্থাটি।
এখনও চীনের এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বলেছে, গত ডিসেম্বরে চীন সরকারের সহায়তায় পরিচালিত এক সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়েছিল তারা।