০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৩ অঞ্চলে অ্যাপ ডাউনলোডে বয়স যাচাই চালু করল অ্যাপল

ডেভেলপাররা অ্যাপলের ‘ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআই’ ব্যবহার করতে পারবেন, যেটি ব্যবহারকারীর বয়স সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে।

৩ অঞ্চলে অ্যাপ ডাউনলোডে বয়স যাচাই চালু করল অ্যাপল
এ বছরের ৬ মে থেকে যুক্তরাষ্ট্রের ইউটাহ ও ১ জুলাই থেকে লুইজিয়ানা অঙ্গরাজ্যে এ নতুন নিয়ম কার্যকর হবে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 03:01 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

নির্দিষ্ট কিছু অঞ্চলে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড বন্ধ করার পর এখন বয়স যাচাইয়ের নতুন কিছু টুল বা পদ্ধতি চালু করেছে অ্যাপল। 

কোম্পানিটি তাদের ডেভেলপার সাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এসব টুল ডেভেলপারদের আইনি বাধ্যবাধকতা পূরণে সাহায্য করবে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, অ্যাপলের বয়স যাচাই টুলগুলো যুক্তরাষ্ট্রের ইউটাহ ও লুইজিয়ানা অঙ্গরাজ্য, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের আসন্ন নতুন আইন অনুসারে ব্যবহারকারীর বয়স নিশ্চিতের যে দায়িত্ব ডেভেলপারদের ওপর রয়েছে তা পালন করা সহজ করবে।

মঙ্গলবার থেকে অস্ট্রেলিয়া, ব্রাজিল ও সিঙ্গাপুরের ব্যবহারকারীরা ১৮+ রেটিংয়ের কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন না, যদি না তাদের বয়স ‘যথাযথ পদ্ধতিতে’ নিশ্চিত করা হয়।

অ্যাপল বলেছে, ব্রাজিলে যেসব অ্যাপে ‘লুট বক্স’ বা গেইমের ভেতর অর্থ দিয়ে কেনা ডিজিটাল বক্স থাকার ঘোষণা দেওয়া হবে, সেগুলোর রেটিং স্বয়ংক্রিয়ভাবে ১৮+ হয়ে যাবে। অ্যাপ স্টোর নিজেই এসব পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।

তবে অ্যাপল বলেছে, “ডেভেলপারদেরও নিজস্ব বয়স যাচাই বাধ্যবাধকতা থাকতে পারে যে, তাদের ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্ক কি না।”

এক্ষেত্রে সহায়তার জন্য ডেভেলপাররা অ্যাপলের ‘ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআই’ ব্যবহার করতে পারবেন, যা ব্যবহারকারীর বয়স সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে তাদের।

এ বছরের ৬ মে থেকে যুক্তরাষ্ট্রের ইউটাহ ও ১ জুলাই থেকে লুইজিয়ানা অঙ্গরাজ্যে এ নতুন নিয়ম কার্যকর হবে। এ সময় ডেভেলপাররা যদি অ্যাপলের ‘ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআই’-এর মাধ্যমে অনুরোধ জানায়, তবে অ্যাপল তাদের ব্যবহারকারীর বয়সের ক্যাটেগরি জানিয়ে দেবে।

এপিআই-এর মাধ্যমে ডেভেলপাররা আরও কিছু নতুন তথ্য বা ‘সংকেত’ পাবে। যেমন, ব্যবহারকারীর ওপর বয়স সংক্রান্ত কোনো আইনি বাধ্যবাধকতা আছে কি না, ব্যবহারকারীকে তার বয়সের সীমা শেয়ার করতে হবে কি না এবং কোনো শিশুর জন্য অ্যাপের বড় কোনো আপডেট দেওয়ার ক্ষেত্রে তার মা-বাবা বা অভিভাবকের অনুমতির প্রয়োজন আছে কি না।

ইউটাহ্‌র নতুন আইন অনুসারে, অ্যাপ স্টোরে নতুন অ্যাকাউন্ট খুলতে হলে ব্যবহারকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। যাদের বয়স ১৮-এর কম তাদের অ্যাকাউন্টটি মা-বাবার অ্যাকাউন্টের সঙ্গে যোগ করতে হবে, যাতে নির্দিষ্ট কিছু অ্যাপ ব্যবহারের জন্য অভিভাবকের অনুমতি চাইতে পারে কোম্পানিটি।

লুইজিয়ানা ও টেক্সাসও একই ধরনের আইন পাস করেছে। এ ছাড়া ২০২৭ সাল থেকে অ্যাপ স্টোরগুলোর জন্য বয়সভিত্তিক নিয়ম চালুর পরিকল্পনা করছে ক্যালিফোর্নিয়া।

এসব নিয়ম তৈরি হয়েছে শিশুদের যৌন নিপীড়ক, আর্থিক ক্ষতি ও অন্যান্য বিপদ থেকে রক্ষার জন্য।

তবে সমালোচকরা এসব আইনকে ‘ভোঁতা হাতিয়ার’ হিসেবে বর্ণনা করেছেন, যা মানুষের ব্যক্তিগত প্রাইভেসি ও ইন্টারনেটে নিজের পরিচয় গোপন রাখার অধিকারকে ক্ষতির মুখে ফেলতে পারে।