১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টিকটকের মার্কিন ব্যবসায় অংশ নিচ্ছে আবুধাবির রাজপরিবার

রাজপরিবারের সদস্য শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বে থাকা ‘এমজিএক্স’ নামের একটি ফান্ড টিকটকের মার্কিন অংশে ১৫ শতাংশ অংশীদারি নেবে।

টিকটকের মার্কিন ব্যবসায় অংশ নিচ্ছে আবুধাবির রাজপরিবার
যুক্তরাষ্ট্রে টিকটকের বোর্ডে একটি আসনও পাবে এমজিএক্স। ছবি: হোয়াইট হাউস

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 01:36 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মার্কিন ব্যবসার বড় একটি অংশের মালিকানা নিতে চলেছে আবুধাবির রাজপরিবার।

সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের এ সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক সরকারি আদেশে সই করার পর এল, যেখানে টিকটকের মার্কিন অংশের দাম ধরা হয়েছে ১৪০০ কোটি ডলার।

রাজপরিবারের সদস্য ও দেশটির নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বে থাকা ‘এমজিএক্স’ নামের একটি ফান্ড টিকটকের মার্কিন অংশে ১৫ শতাংশ অংশীদারি নেবে এবং যুক্তরাষ্ট্রে টিকটকের বোর্ডে একটি আসনও পাবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

বৃহস্পতিবার রাতে টিকটকের মার্কিন অংশ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে যে চুক্তি হয়েছে, তার বৈধতা দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ চুক্তির বিস্তারিত চূড়ান্ত করার জন্য ১২০ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি।

ল্যারি এলিসনের মার্কিন সফটওয়্যার কোম্পানি ওরাকল, প্রাইভেট একুইটি গ্রুপ ‘সিলভার লেইক’ এবং আবুধাবির ‘এমজিএক্স’ মিলে টিকটকের মার্কিন অংশের প্রায় ৪৫ শতাংশ মালিকানা নিয়ন্ত্রণ করবে। সবমিলিয়ে মার্কিন বিভিন্ন কোম্পানি টিকটকের মার্কিন অংশের ৬৫ শতাংশের বেশি মালিকানা পাবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প বলেছেন, এ বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে পার্সোনাল বা ব্যক্তিগত কম্পিউটারের অগ্রদূত মাইকেল ডেল ও রুপার্ট মারডকের ‘ফক্স’ও।

“এখন থেকে টিকটকের মার্কিন অংশ যুক্তরাষ্ট্রের নাগরিকদের মালিকানায় ও নিয়ন্ত্রণে থাকবে এবং আর কোনো বিদেশি প্রতিপক্ষের নিয়ন্ত্রণে থাকবে না।

“আমেরিকান বিনিয়োগকারীরা টিকটক দেখভাল করবে, যার মধ্যে রয়েছে অত্যন্ত অভিজ্ঞ লোক, যেমন ল্যারি এলিসন। চমৎকার বিনিয়োগকারী ও বিশ্বের অন্যতম বড় কোম্পানির প্রধান এলিসন। এর চেয়ে ভালো কিছু আর হয় না। অ্যাপটি এখন থেকে পুরোপুরি মার্কিনচালিত কোম্পানি হবে।”

নতুন মার্কিন কোম্পানিতে টিকটকের বর্তমান মালিক বাইটড্যান্সের হাতে থাকবে ১৯.৯ শতাংশ শেয়ার। বাকিটা যাবে একদল বিনিয়োগকারীর কাছে, যার মধ্যে বাইটড্যান্সের আগের বিনিয়োগকারীরাও রয়েছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, টিকটকের মার্কিন অংশের দাম হবে প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার।

এই দাম টিকটকের চীনা মালিক বাইটড্যান্সের মোট দামের চেয়ে অনেক কম। কোম্পানিটির মোট দাম আনুমানিক ৩৩ হাজার কোটি ডলার, যেখানে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার দাম প্রায় ১.৮ ট্রিলিয়ন ডলার।

এ চুক্তিটিকে অনুমোদন করবে কি না সে সম্পর্কে এখনও প্রকাশ্যে কিছুই বলেনি চীন। 

তবে গত ১৯ সেপ্টেম্বর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ ঘোষণা দেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার টিকটক নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যত নিয়ে তারা একটি চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন।