স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজে যোগ হচ্ছে পারপ্লেক্সিটি এআই
এ নতুন ফিচারের মাধ্যমে নোটস, ঘড়ি, গ্যালারি, রিমাইন্ডার ও ক্যালেন্ডারের মতো বিভিন্ন অ্যাপে এআই সুবিধা দেবে স্যামসাং।
গতানুগতিক সার্চ ইঞ্জিনের বাইরে গিয়ে গ্রাহকদের আরও উন্নত এআই অভিজ্ঞতা দিতে কোম্পানিটির আসন্ন গ্যালাক্সি এস২৬ সিরিজের স্মার্টফোনে পারপ্লেক্সিটি এআই যোগের সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং।
প্রযুুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, স্যামসাংয়ের আগামী ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ‘গ্যালাক্সি এআই’-এর অংশ হিসেবে পারপ্লেক্সিটি এআই এজেন্ট যোগ করছে কোম্পানিটি।
এ নতুন ফিচারের মাধ্যমে নোটস, ঘড়ি, গ্যালারি, রিমাইন্ডার ও ক্যালেন্ডারের মতো বিভিন্ন অ্যাপে এআই সুবিধা দেবে স্যামসাং। কিছু থার্ড পার্টি অ্যাপেও ফিচারটি কাজ করবে। তবে এখনও সেসব অ্যাপের নাম প্রকাশ করেনি দক্ষিণ কোরীয় এ নির্মাতা।
‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টের কেবল কয়েক দিন আগে কোম্পানিটির এআই যোগের ঘোষণাটি এল। ধারণা করা হচ্ছে, এ ইভেন্টে নতুন এআই সংযোজন ও স্যামসাংয়ের উন্নত ‘বিক্সবি’ একসঙ্গে কীভাবে কাজ করবে সে সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
পারপ্লেক্সিটি এজেন্টকে চালু করতে ‘হেই প্লেক্স’ বলতে হবে। তবে ফিচারটিকে স্ট্রিমিং সার্ভিস ‘প্লেক্স’-এর সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। এ ছাড়া ফোনের বাটন বা কুইক অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমেও এআই চালু করা যাবে।
এক বিবৃতিতে স্যামসাংয়ের মোবাইল এক্সপেরিয়েন্স ব্যবসার প্রেসিডেন্ট ও ‘আরএন্ডডি’ প্রধান ওন জুন চোই বলেছেন, ‘গ্যালাক্সি এআই’-এর এ বিস্তৃতির মূল লক্ষ্য ব্যবহারকারীদের কাজের ক্ষেত্রে আরও বেশি পছন্দ ও নমনীয়তা দেওয়া।
“এখানে সমন্বয়কারী হিসেবে কাজ করবে গ্যালাক্সি এআই, যা বিভিন্ন ধরনের এআইকে সহজ, স্বাভাবিক ও সুসংহত অভিজ্ঞতায় রূপান্তর করবে।”
গত বছরও পারপ্লেক্সিটির সঙ্গে এক পার্টনারশিপের ঘোষণা দিয়েছিল স্যামসাং, যার উদ্দেশ্য ছিল নিজেদের স্মার্ট টিভিতে এআই সার্চ ইঞ্জিনটি যোগ করা।
তবে বর্তমানে পারপ্লেক্সিটি বেশ বিতর্কের মধ্যে রয়েছে। তাদের বিরুদ্ধে অন্যের কনটেন্ট চুরি ও কপিরাইট লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ উঠেছে।
গেল সেপ্টেম্বরে পারপ্লেক্সিটির বিরুদ্ধে মামলা করেছে ‘মিরিয়াম-ওয়েবস্টার’ ও ‘এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা’র মতো রেফারেন্স প্রকাশনা।
