“রিফটের চেয়ে এগিয়ে ভাইভ’
আলোচিত ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট অকুলাস রিফট আর এইচটিসি ভাইভ পরীক্ষা করে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের পণ্য বিশ্লেষক রেমন্ড ওংয়ের মন্তব্য, অকুলাস রিফট নয়, এইচটিসি ভাইভই সবচেয়ে প্রতিশ্রুতিশীল ভিআর ডিভাইস। এইচটিসির ভাইভ হেডসেট আসলেই প্রযুক্তির নতুন একটি দিক উন্মোচন করবে বলে মত তার।
অকুলাস রিফটের বাণিজ্যিক সংস্করণ বাজারে আসবে ২০১৬ সালের প্রথম প্রান্তিকে। তবে চলতি বছরের ই৩ সম্মেলনে ডিভাইসটি নিজ হাতেই পরীক্ষা করে দেখার সুযোগ পেয়েছিলেন ওং। আর জুলাইয়ের তৃতীয় সপ্তাহে এইচটিসির ভাইভ পরীক্ষা করে দেখার সুযোগ পান তিনি।
উভয় ডিভাইস ব্যবহার করে ওং-এর মত, অকুলাস রিফটের চেয়ে এগিয়ে আছে এইচটিসি ভাইভ।
নির্মাতা দুটি ভিন্ন প্রতিষ্ঠান হলেও হার্ডওয়্যারের হিসেবে অনেক মিল আছে হেডসেট দুটির মধ্যে। কিন্তু কিছু ফিচার এবং বিদ্যমান কনটেন্টের কারণেই ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের দৌড়ে অকুলাস রিফটের চেয়ে এগিয়ে আছে এইচটিসি ভাইভ।
ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নিয়ন্ত্রণের দিক থেকে দেখলেও, অকুলাসের চেয়ে ভাইভ চালানোটি বেশ সহজ বলেই জানিয়েছেন ওং। উভয় হেডসেটেই কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে জানান তিনি। তবে তুলনা করলে ভাইভের সীমাবদ্ধতাগুলো ব্যবহারকারীর উপর তেমন কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন তিনি।
অকুলাস রিফট ও এইটিসি ভাইভ ব্যবহার করে গেইম খেলা থেকে শুরু করে বিভিন্ন ফিচার পরীক্ষার পর ওং ভাইভে যে সুবিধাগুওেলা পেয়েছেন তা অকুলাস রিফটে পাননি। ভাইভে বিদ্যমান কনটেন্টের মান রিফটের চেয়েও ভালো বলেই জানিয়েছেন তিনি।
ওংয়ের মতে রিফটের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল এটি ব্যবহারের সময় এক জায়গায় বসে থাকতে হবে ব্যবহারকারীকে। কিন্তু ভাইভ ব্যবহারের সময় হাঁটা-চলা করতে পারবেন ব্যবহারকারী। ওই সময়ে ঘরের দেয়াল বা আসবাবপত্রের সঙ্গে ব্যবহারকারীর ধাক্কা খাওয়া ঠেকাবে হেডসেটটির আভ্যন্তরীণ সেন্সরগুলো। দেয়াল বা কোনো আসবাবপত্রের বেশি কাছে চলে গেলেই ব্যবহারকারীকে সতর্ক করে দেবে ভাইভের ‘শ্যাপারন ফিচার’।
ওংয়ের মতে, ডিভাইস দুটির কনটেন্ট ও ফিচার যেমন একটি থেকে অন্যটিকে আলাদা করেছে, ঠিক তেমনই ছোট ছোট এই ফিচারগুলোই ব্যবহারকারীদের নজর কাড়বে।
