অর্থ ছাড়াই সেবা লেনদেনের সাইট ‘বিলিভ’
ডেবিট বা ক্রেডিট কার্ড নয়, ব্রাজিলের ইন্টারনেট ভিত্তিক স্টার্ট-আপ ‘বিলিভ’-এর ব্যবহারকারীরা লেনদেন সারেন ‘টাইম মানির’ মাধ্যমে।
সাইটটিতে ব্যবহারকারীরা দক্ষতা অনুযায়ী অন্যকে সেবা দিলে ঐ সময়ের হিসাবে তার অ্যাকাউন্টে জমা হয় ‘টাইম মানি’। এরপর নিজের প্রয়োজনে ওই ব্যবহারকারী জমানো ‘টাইম মানির’ বিনিময়ে পেতে পারেন প্রয়োজনীয় সেবা। প্রয়োজন নেই ডলার, ইউরো বা ব্রাজিলিয়ান রিয়ালের মতো কোনো মুদ্রার।
বিবিসি জানিয়েছে, ব্রাজিলে সাইটটির ব্যবহারকারীর সংখ্যা এক লাখেরও বেশি। প্রায় ৯০ হাজার বিভিন্ন ধরনের সেবা পাওয়া যাবে এখানে যা অন্য যে কোনো সেবা লেনদেন সাইটের চেয়ে বেশি। এখানে গিটারের তালিম থেকে শুরু করে, অকেজো এয়ার কন্ডিশনার সারিয়ে নেওয়া, এমনকি ট্যারট কার্ড দেখে ভাগ্য গণনার সেবাও মেলে।
এই ধরনের লেনদেনের সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে যেহেতু কোনো আর্থিক লেনদেন হচ্ছে না, তাই ট্যাক্সও দিতে হয় না ব্যবহারকারীদের।
বিলিভে যে পরিমাণ সেবা লেনদেন হয় তার আর্থিক পরিমাণ কত সেটা অনুমান করা বেশ কঠিন কাজ বলে জানিয়েছে বিবিসি। মূলত বাস্তব জগতে বিভিন্ন ধরনের সেবার পারিশ্রমিকের ভিন্নতার কারণেই ক্যালকুলেটরে হিসাব কষে সাইটটির বিভিন্ন সেবার আর্থিক পরিমাণ বের করা কঠিন কাজ। তবে একটি উদাহরন দেওয়া যায়।
ব্রাজিলের সাও পাওলোর বাসিন্দা মারিটজা রেবোকাস তার দিনের কাজ শেষে রাতে বিলিভের মাধ্যমে যোগ ব্যায়ামের শিক্ষা দিয়ে থাকেন। তার পেশাদার যোগ ব্যায়ামের প্রশিক্ষণ থাকায় বাস্তবে তিনি এই কাজের জন্য ঘন্টায় ত্রিশ ইউরো করে পারিশ্রমিক নিতে পারতেন। সেই হিসাবে বিলিভ প্লাটফর্মে ব্যবহারকারীরা প্রায় ২০ লাখ ইউরোর সেবা লেনদেন করেছেন।
বিলিভের প্রতিষ্ঠাতা চব্বিশ বছর বয়সি জনসংযোগ বিষয়ের ছাত্রী লোরানা স্কারপিওনি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির এমআইটি টেকনোলজি রিভিউ ম্যাগাজিন লোরানাকে ৩৫ বছর বয়সের নিচে ব্রাজিলের অন্যতম সেরা উদ্ভাবকের স্বীকৃতি দিয়েছে। বিলিভের বর্তমান কর্মী সংখ্যা বারো জন। লোরানা বিলিভের মূল ধারণা পান ‘শেয়ারিং ইকোনমি’ এবং ‘অল্টারনেটিভ কারেন্সি’র উপর ডকুমেন্টারি দেখতে গিয়ে।
বিলিভ সাইটে সাইন-আপ করার জন্য কোনও ফি নেওয়া হয় না এবং এটি বিজ্ঞাপনও বিক্রি করে না।
বিলিভ থেকে আয়ের জন্য ভিন্ন পথ বেছে নিয়েছেন লোরানা। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য পেইড-সার্ভিস চালু করছে সাইটটি। এমনকি কোনো প্রতিষ্ঠানের কর্মীর মেধা অনুযায়ী তাকে তুলে ধরার কাজটিও করতে চায় বিলিভ। লোরানা বলেন, ‘কিছু প্রতিষ্ঠান জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কর্মীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাইরে থেকেও লোক নিয়োগ দেয়। কিন্তু দেখা যায় এমন লোক তাদের নিজস্ব কর্মীদের মধ্যেই আছে। আমরা তাদের নিজস্ব কর্মীর দক্ষতাকে তুলে ধরতে সাহায্য করে থাকি।’
সম্প্রতি বিলিভ লন্ডনে শাখা খুলেছে। লোরানা ইউরোপীয় বাজারে এই ধরনের সেবা জনপ্রিয় হবে বলেই মনে করেন। ইউরোপের অনেক দেশে ইতিমধ্যেই ‘শেয়ারিং ইকোনমি’ চিন্তাধারাটি বেশ জনপ্রিয়। গ্রীসের মতো দেশে বেকারত্বের হার বেশি, কিন্তু মানুষের দক্ষতা আছে। এজন্যই ইউরোপে বিলিভের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন এর প্রতিষ্ঠাতা।
