২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আইপড আনল অ্যাপল

ষষ্ঠ প্রজন্মের নতুন আইপড টাচ উন্মোচন করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সেই সঙ্গে আইপড ন্যানো আর আইপড শাফলে আপডেট এনেছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 08:08 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাকরিউমার্স জানিয়েছে, ৪-ইঞ্চি ডিসপ্লের আইপড টাচে ব্যবহার করা হয়েছে ৬৪-বিট এ৮চিপ আর এম৮ মোশন প্রসেসর। এতে আছে, ৮-মেগাপিক্সেল আইসাইট ক্যামেরা, ওয়াই-ফাই আর ব্লুটুথ ৪.১। অ্যাপল মিউজিক আর বিটস ১- যেন অ্যাকসেস করা যায় সে জন্য আগে থেকেই আইওএস ৮.৪ ইনস্টল করা আছে এতে।

লাল, নীল, গোলাপী, রূপালি, ধূসর, সোনালি- এই কয়টি রঙে পাওয়া যাবে আইপড টাচ। ১৬ জিবি, ৩২ জিবি, ৬৪ জিবি আর ১২৮ জিবি মডেলের আইপড টাচ ১৫ জুলাই থেকে অ্যাপল অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। আর এগুলোর দাম রাখা হয়েছে যথাক্রমে ১৯৯, ২৪৯, ২৯৯ আর ৩৯৯ মার্কিন ডলার।

অ্যাপলের সব অনুমোদিত বিক্রেতার কাছে এই আইপড টাচ পাওয়া যাবে। তবে, লাল আর ১২৮ জিবির আইপড টাচ বিশেষভাবে শুধু অ্যাপলের মাধ্যমেই বিক্রি করা হবে।

অ্যাপলের আইফোন, আইপড আর আইওএস পণ্যবিপণন বিভাগের ভাইস-প্রেসিডেন্ট গ্রেগ জোসভিয়াক বলেন, “আইপড টাচ বিশ্বব্যাপী গ্রাহকদের অ্যাপল মিউজিক, অ্যাপস্টোর আর বিশ্বের সবচেয়ে উন্নত মোবাইল অপারেটিং সিস্টেম আইওএসে অ্যাকসেস করতে দেয়, আর দাম শুরু ১৯৯ মার্কিন ডলার থেকে।”

হার্ডওয়্যার আর স্টোরেজের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা না হলেও, রঙের ক্ষেত্রে আইপড ন্যানো আর আইপড শাফলে বেশ কিছু আপডেট এনেছে অ্যাপল।