২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬৫ হাজার গাড়ি সারাবে ল্যান্ড রোভার

নতুন এক সফটওয়্যার বাগ ঠিক করতে ৬৫ হাজারেরও বেশি গাড়িকে ফিরিয়ে এনেছে ল্যান্ড রোভার। এই বাগটি ব্যবহার করে গাড়ির দরজা খুলে ফেলা সম্ভব।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 05:41 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

২০১৩ সাল থেকে এখন পর্যন্ত বিক্রি হওয়া রেঞ্জ রোভার আর রেঞ্জ রোভার স্পোর্ট গাড়িগুলোর মধ্যে এ ত্রুটি পাওয়া গেছে।

গাড়িচোররা কিছু মডেলের রেঞ্জ রোভার আর বিএমডব্লিউ এক্স৫ মডেলের লক খুব সহজেই খুলে ফেলতে পারে। এমন প্রতিবেদনের ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

চাবি ছাড়াই ইঞ্জিন চালু করার সুবিধা রয়েছে এমন গাড়িগুলোকে ‘ব্ল্যাকবক্স’ ব্যবহার করে কিছু অসাধু চক্র খুব সহজেই খুলে ফেলতে পারে বলে ধারণা করা হয়।

গাড়ি চুরিবিষইয়ক তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান থ্যাটচ্যাম রিসার্চের একজন মুখপাত্র বলেন, “বেশ কিছু সংখ্যক গাড়ি এই উপায়ে খুলে ফেলা সম্ভব, রেঞ্জ রোভার সেগুলোর মধ্যে একটি।”

রেইঞ্জ রোভার ছাড়াও ফোর্ড ফোকাস, আউডি এবং ফিয়েস্তার কিছু মডেল যেগুলো চাবি ছাড়া চালু করা সম্ভব এমন গাড়ি চোরদের লক্ষ্যে পরিণত হয়েছে।

এই বাগের কারণে এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি বলে এক বিবৃতিতে জানিয়েছে ল্যান্ড রোভার।

গাড়ির এ ত্রুটি অপসারণে রেইঞ্জ রোভার মালিকদের কোনো টাকা দিতে হবে না।