১১কে ডিসপ্লে বানাচ্ছে স্যামসাং
বাজারের সবচেয়ে দামি স্মার্টফোনগুলোতে এখন ১০৮০ পিক্সেলের ফুলএইচডি আর ১৪৪০ পিক্সেলের কোয়াডএইচডি ডিসপ্লের উপস্থিতি। ৪কে ডিসপ্লের স্মার্টফোনগুলো আলোচনার বলয় ছেড়ে এখনও বাজারে হাজির হতে পারেনি। এর মধ্যেই ১১কে ‘সুপার রেজুলিউশন’ ডিসপ্লে তৈরির কাজ শুরু করেছে স্যামসাং।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ১১কে ডিসপ্লে তৈরিতে স্যামসাং সফল হলে আগামী পাঁচ বছরের মধ্যেই হয়তো ‘পুরানো’ হয়ে যাবে হালের ফুলএইচডি আর কোয়াডএইচডি ডিসপ্লে।
১১কে ডিসপ্লের রেজুলিউশন হবে ১১,২৬৪ বাই ৬,৩৩৬ পিক্সেল। বলা হচ্ছে থ্রিডি কনটেন্টও দেখাতে পারবে ওই ডিসপ্লে। স্ক্রিনের রংগুলো আরও বিস্তারিতভাবে ফুটিয়ে তুলতে পারবে ১১কে ডিসপ্লে, তাই থ্রিডি কনটেন্ট দেখাতে পারবে এটি। লাগবে না কোনো বাড়তি থ্রিডি গ্লাস।
জুনের ১ তারিখ থেকে স্যামসাং ১১কে ডিসপ্লে নিয়ে গবেষণার কাজ শুরু করেছে বলে জানিয়েছে ম্যাশএবল। তবে ওই প্রকল্পে একা কাজ করছে না দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। ২ কোটি ৬৫ লাখ ডলারের তহবিলের যোগান দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। স্যামসাংয়েল সঙ্গে কাজ করছে আরও ১৩টি প্রতিষ্ঠান।
২০১৮ সালে ১১কে ডিসপ্লের প্রথম প্রোটোটাইপ উন্মোচনের আশা করছে স্যামসাং।
বর্তমান দৃশপটে ১১কে ডিসপ্লে ‘প্রয়োজনের তুলনায়’ বেশি মনে হতে পারে। তবে এ বিষয়ে স্যামসাংয়ের ডিসপ্লে বেস টেকনোলজি বিভাগের পরিচালক চু হায় ইয়ংয়ের ব্যাখ্যা, “গ্রাহকদের জন্য ১১কে ডিসপ্লে প্রয়োজনের থেকে বেশি এমনটা অনেকেরই মনে হতে পারে। কিন্তু এর মাধ্যমে কোরিয়ার ডিসপ্লে নির্মাণ শিল্প আনুসাঙ্গিক পণ্য ও প্রযুক্তি উৎপাদনে আরেক ধাপ এগিয়ে যাবে।”
ডিসপ্লের রেজুলিউশন বাড়লে বিদ্যুৎ খরচও বাড়ে। এক্ষেত্রে ১১কের ডিসপ্লে স্যামসাং কতটা বিদ্যুৎ সাশ্রয়ী করতে পারে সেটাও দেখার বিষয়-- মন্তব্য করেছে ম্যাশএবল।
