২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানপ্লাস ২-এর বিস্তারিত ‘ফাঁস’!

‘ওয়ানপ্লাস ওয়ান’ দিয়ে স্মার্টফোনের বাজারে অভিষেকের এক বছর পর চলতি মাসেই নতুন ‘ওয়ানপ্লাস ২’ স্মার্টফোন উন্মোচনের কথা ছিল আলোচিত চায়নিজ স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস-এর। বলা হচ্ছে, আনুষ্ঠানিক উন্মোচনের আগেই ফাঁস হয়ে গেছে স্মার্টফোনটির হার্ডওয়্যার সম্পর্কিত নানা তথ্য।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 04:28 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়ানপ্লাস ২ নিয়ে প্রযুক্তি বাজারে যে প্রশ্নগুলোর সৃষ্টি হয়েছিল তার অনেকগুলোরই সঠিক উত্তর মিলতে পারে ওই ‘ফাঁস হওয়া স্পেসিফিকেশন’ থেকে।

অনলাইনে ওয়ানপ্লাস ফোরাম আর আর টু্ইটারের একাধিক পোস্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিনেট জানিয়েছে, স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর থাকতে পারে ওয়ানপ্লাস ২-এ। থাকবে ৪ জিবি র‌্যাম, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

২৭ জুলাই আনুষ্ঠানিক উন্মোচন হওয়ার কথা ওয়ানপ্লাস ২-এর। স্মার্টফোনটিতে ১০৮০ পিক্সেলের ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। বিভিন্ন সময়ে স্মার্টফোনটির ফিচার সম্পর্কে নানা খুটিনাটি তথ্যের যোগান দিয়েছে খোদ ওয়ানপ্লাস কর্তৃপক্ষ।

সিনেট জানিয়েছে, ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং ৩,৩০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি বং ৬৪ জিবির ইন্টারনাল মেমোরি থাকতে পারে ওয়ানপ্লাস ২-এ।

নিজস্ব গুগল প্লাস অ্যাকাউন্টে ওয়ানপ্লাস সিইও পিট লাওয়ের এক পোস্ট অনুযায়ী, ওয়ানপ্লাস ২-এর দাম ৪৫০ ডলারের নিচে হবে। তবে স্মার্টফোনটি নিয়ে বাজারের সর্বশেষ গুজবগুলো সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ওয়ানপ্লাস কর্তৃপক্ষ।