বিশাল ডেটা সেন্টার বানাচ্ছে ফেইসবুক
পরবর্তী ১শ’ কোটি ব্যবহারকারীর জন্য নতুন ডেটা সেন্টার বানানোর ঘোষণা দিল ফেইসবুক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থে বায়ুচালিত এই বিশাল ডেটা সেন্টার তৈরির ঘোষণা দেয় সোশাল নেটওয়ার্কিংয়ে শীর্ষ এই মার্কিন প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, প্রকল্পটি ইতোমধ্যে নির্মাণাধীন অবস্থায় রয়েছে। আড়াই লাখ বর্গফুটের তিনটি বিল্ডিং মিলে ১শ’ ১১ একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে এই ডেটা সেন্টার। পুরো সেন্টারটি চালাতে প্রয়োজনীয় ২শ’ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই আসবে বায়ুশক্তি থেকে আর ঠাণ্ডা রাখতে এয়ার কন্ডিশনারের জায়গায় বাইরের খোলা বাতাস নিয়ন্ত্রণ করে ব্যবহার করা হবে।
ফেইসবুক ডেটা সেন্টার অপারেশনস-এর পরিচালক কেন প্যাচেট এক বিবৃতিতে জানিয়েছেন, এই ডেটা সেন্টার সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বৈশ্বিক অবকাঠামোর উন্নয়নে সহায়তা করবে।
এটি ফেইসবুকের বিশ্বব্যাপী পঞ্চম আর মার্কিন যুক্তরাষ্ট্রে চতুর্থ ডেটা সেন্টার। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৩০ লাখ ডেটা সেন্টার রয়েছে।
