২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল ‘ভয়েসওভার’ এর ইতিবৃত্ত

চোখ বন্ধ করে কি একটি স্মার্টফোন থেকে ইমেইল পাঠানো কিংবা মেইলের উত্তর দেওয়া এবং মানানসই একটি ছবি তোলা সম্ভব? কাজটা অসম্ভবই বটে। একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জন্য আইফোন কিংবা অন্যান্য স্মার্টফোন ব্যবহার করাটা এমনই এক দুঃসাধ্য কাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 05:05 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

তবে এদিক থেকে ব্যতিক্রম টেক জায়ান্ট অ্যাপল। তাদের নতুন গ্যাজেট অ্যাপল ওয়াচসহ আইফোন ও আইপ্যাডে রয়েছে ‘ভয়েসওভার’ সুবিধাটি, যেটি যেকোনো আইওএস ডিভাইসকে রূপান্তরিত করবে একটি কথা বলা এবং নির্দেশনা প্রদানকারী যন্ত্রে।

অ্যাপল আইফোন এবং আইওএস প্রডাক্ট মার্কেটিং এর ভাইস প্রেসিডেন্ট গ্রেইগ ইয়াজউইয়েকও মনে করেন, একজন দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ভিজুয়াল টাচ স্ক্রিনওয়ালা আইফোন, আইপ্যাড এবং অ্যাপল ওয়াচ ব্যবহার করা কষ্টসাধ্য। তবে, ‘ভয়েসওভার’-এর মত অভিনব অ্যাপ সুবিধাটা এসেছে অ্যাপলের কাছ থেকেই। আর সেজন্যই আমেরিকান ফাউন্ডেশন ফর দ্য ব্লাইন্ড (এএফবি) এর কাছ থেকে ইয়াজউইয়েক বৃহস্পতিবার পেয়েছেন ‘হেলেন কেলার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।

সকল অ্যাপল ওয়াচ, আইওএস এবং ওএসএক্স ডিভাইসের জন্য নির্মিত ‘ভয়েসওভার’ প্রযুক্তিটি সকল অ্যাপ, আইকন এবং অ্যাকশনকে পরিণত করে কথায়। অ্যাপল ওয়াচ এর সেটিংস/জেনারেল অ্যাক্সিসিবিলিটি এনাবল করলেই পাওয়া যাবে এই সুবিধাটি, আর ঘড়ি, আইফোন বা আইপ্যাডটি পরিণত হবে অনবরত কথা বলার একটি যন্ত্রে।

‘ভয়েসওভার’ এর কারণেই দৃষ্টি প্রতিবন্ধী কোনো ব্যক্তির কাছে একটি ‘কালো কাঁচের টুকরো’ থেকে সম্পূর্ণ ব্যবহারযোগ্য একটি বস্তু হয়ে উঠবে অ্যাপল ওয়াচ বা আইফোন।

এএফবি অ্যাপলকে স্বীকৃতি দিয়েছে ‘চ্যাম্পিয়ন অফ অ্যাক্সিসিবিলিটি’ হিসেবে। এ ব্যাপারে এএফবি-এর প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল আগাস্টো জানান, “অনেক প্রতিষ্ঠানই তাদের পণ্যের সব সুবিধায় এক্সেসিবিলিটির প্রতিশ্রুতি দেয়, তবে অ্যাপলই সেই স্বল্প কিছু প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম, যারা তাদের প্রতিশ্রুতি রেখেছে।”

প্রায় ১৫ বছর ধরে দৃষ্টি প্রতিবন্ধী আগাস্টো জানান, তিনি আইফোন ব্যবহার করেই এসএমএস পাঠান, ফোন কল করেন এবং বেইসবলের স্কোরও ‘দেখেন’। তার দাবী, “গুগল আর মাইক্রোসফট চেষ্টা করে যাচ্ছে, তবে নিঃসন্দেহে এসকল ক্ষেত্রে অ্যাপলই এগিয়ে।”

তবে সবসময়েই ব্যাপারটি এতটা সহজ ছিল না, জানা গেল এএফবি’র প্রোগ্রাম ও পলিসির ভাইস প্রেসিডেন্ট পল শ্রোয়েডার এর কাছ থেকে, “অনেক দীর্ঘকালও গেছে যখন দৃষ্টি প্রতিবন্ধীরা অ্যাপল কম্পিউটার ব্যবহার করতে পারতেন না।” স্বাভাবিক দৃষ্টিক্ষমতা সম্পন্ন বন্ধুরা তাদের নতুন আইপড এবং পরবর্তীতে আইফোনের ব্যাপারে কথা বলত, যা ছিল শ্রোয়েডারের মত দৃষ্টি প্রতিবন্ধীদের কাছে পেপারওয়েইটের মত- নিজের স্মৃতিচারণ করে বলেন তিনি।

তবে, ২০০৯ সালে অ্যাপল নিয়ে এল ‘ভয়েসওভার’, আর ব্যাপারটিকে শ্রোয়েডার ব্যখা করলেন, “আমাদের পৃথিবীটা পাল্টে গেল।”

দলগত চেষ্টা

এএফবি এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইয়াজউইয়েক এবং শ্রোয়েডার ছাড়াও আরও ছিলেন অ্যাপল এর পিআর টিম এবং ‘ভয়েসওভার’ সৃষ্টির পেছনের গর্বিত প্রকৌশলিরা। এদের মধ্যে অ্যাপলের অ্যাক্সিসিবিলিটি ইঞ্জিনিয়ারিং এর প্রধান এরিক সিমোর জানান, “আমার প্রতিবন্ধী সন্তান রয়েছে। অনেকে ডিভাইসই এমন মানুষের কাছে নাগালের বাইরে অথচ তারাও এই ডিভাইসগুলো নিয়ে কাজ করতে চান।”

ইয়াজউইয়েক এর মত ব্যক্তিদের প্রয়োজনের কথাও উঠে আসে তার বক্তব্যে। তাদের মত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা উন্নত ডিভাইসের সকল প্রবেশযোগ্যতা যেন পান, সেভাবেই সেইমুর তার প্রকৌশলিবিদ্যা কাজে লাগিয়েছেন, আর সেই কারণেই ‘ভয়েসওভার’ দৃষ্টি প্রতিবন্ধীদেরকে দিয়েছে অ্যাপলের একজন স্বাভাবিক ব্যবহারকারী হবার সুবিধা।

এদিকে ডিন হাডসন হলেন আরেকজন দৃষ্টি প্রতিবন্ধী, যিনি আইওএস এবং ডেস্কটপে ব্যবহৃত ‘ভয়েসওভার’ এর জন্য কাজ করেন। তার মতে, অ্যাপলের লক্ষ্য- যেকোনো ব্যক্তিই যেন তার শারীরিক অক্ষমতার বাইরে এসে অ্যাপল স্টোরে একজন স্বাভাবিক গ্রাহকের মত অ্যাপলের পণ্যগুলোর সুবিধা নিতে পারেন। উদাহরণস্বরূপ তিনি তুলে ধরেন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আইওএস ক্যামেরা অ্যাপ অ্যাক্সিসিবিলিটির সুবিধাটি।

পুরোপুরি দৃষ্টি প্রতিবন্ধী না হলেও দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলতে বসা আরেক ব্যক্তি হলেন লুই পেরেজ। তার ভাষ্যমতে, তিনি যখন বুঝতে পারলেন কোনো একদিন তিনি তার দৃষ্টি শক্তি একেবারেই হারিয়ে ফেলবেন, পুরো পৃথিবীটাকে তার স্মৃতির অংশ বানিয়ে ফেলতে অস্থির হয়ে ওঠেন তিনি। তিনি চেয়েছিলেন প্রাকৃতিক সৌন্দর্য এবং তার ১৫ বছর বয়সী মেয়ের ছবি ক্যামেরায় বন্দী করতে। ‘ভয়েসওভার’ তাকে ছবি তোলার ব্যাপারে সম্পূর্ণ নির্দেশনা দেয় এবং এটিও জানায় ছবিটির এক্সপোজার ও ফোকাস ঠিক আছে কি না।

সকল কিছুর নির্দেশক

দীর্ঘদিন ধরেই অ্যাপল তৃতীয় পক্ষ নির্মাতা প্রতিষ্ঠানের উপরও নির্ভর করেছে তাদের প্রযুক্তিগত আওতা বৃদ্ধির জন্য। ‘ভয়েসওভার’ ও এক্ষেত্রে ভিন্ন কিছু নয়। ম্যানহাটনে জেডাব্লিউ ম্যারিওট হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের পথ দেখানোর জন্য ছিল ‘আইবিকনস’। এটি একটি স্বল্প-শক্তি চালিত ব্লুটুথ ডিভাইস যাতে ব্যবহৃত হয়েছে ‘ভয়েসওভার’ সমর্থিত অ্যাপ ‘ব্লাইন্ডস্কয়ার’। এই ডিভাইসটি দৃষ্টিহীন ব্যক্তিদের হোটেলের বিভিন্ন হল এবং রুমে নিয়ে যেতে সাহায্য করেছে।

এ ছাড়াও পথের সামনে কি আছে, সেটাও নির্দেশ করে এই ‘ব্লাইন্ডস্কয়ার’। অ্যাপটি বর্তমানে রয়েছে বেটা টেস্টিং এর আওতায়। বিভিন্ন জায়গায় ‘ব্লাইন্ডস্কয়ার’কে সম্পূর্ণভাবে কার্যক্ষম করার জন্য ‘আইবিকন’টি ইনস্টল করে নিলেই চলবে।

পুরস্কার গ্রহণের সময়ে ইয়াজউইয়েক তুলে ধরেন এসকল ডিভাইসের প্রয়োজনীয়তা, “অ্যাপল এ ধরনের প্রযুক্তি নির্মাণ করছে, কেননা এটিই সঠিক কাজ।” প্রতিষ্ঠানটি এরকম আরও অ্যাক্সিসিবিলিটি ফিচার সংযোজন করবে- এমনটাই আশা ইয়াজউইকের। এবং একইসঙ্গে অন্যান্য সহযোগীদের এরকম ফিচার তাদের অ্যাপে সংযুক্ত করার ক্ষেত্রে অ্যাপল উৎসাহিত করবে বলেও উল্লেখ করেন তিনি।

কিছু গল্প বলার মত...

সবকিছুর পরেও, স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের কাছে ‘ভয়েসওভার’ এর প্রয়োজনীয়তাটা বোঝা কিছুটা কঠিন হতে পারে। এমনকি ব্যাপারটি ঘটেছে অভিনেতা চার্লি কক্সের ক্ষেত্রে, যিনি কিনা মারভেল কমিক্সের টিভি সিরিজ ‘ডেয়ারডেভিল’ এ অভিনয় করেছেন একজন দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী হিসেবে। তবে, অভিনয় করার মূহুর্তেই তিনি অনুধাবন করতে পেরেছেন ‘ভয়েসওভার’ এর প্রয়োজনীয়তা।

এএফবি’র এই অনুষ্ঠানে কক্স নিজেও অর্জন করেছেন ‘হেলেন কেলার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। সময় কাটিয়েছেন এএফবি’র ক্যারিয়ার কানেক্ট প্রোগ্রাম ম্যানেজার জো স্ট্রেচেই এর সাথে। স্ট্রেচেই তাকে শিখিয়েছেন কিভাবে দৃষ্টি প্রতিবন্ধীরা পৃথিবীটাকে চিনতে শেখে, দেখিয়েছেন তিনি নিজে কিভাবে ‘ভয়েসওভার’ ব্যবহার করেন।

তাদের গল্পের মাঝে উঠে এসেছিল ‘ডেয়ারডেভিল’ এর মুখোশ এর ব্যাপারটিও। কক্স জানালেন সে অভিজ্ঞতা। তাকে ‘পেইপা ম্যাশে’ মেখে ‘অন্ধ’ হয়ে ৪৫ মিনিট ধরে চেয়ারে বসে থাকতে হয়েছে মুখোশটি বানানোর সময়। এ সময় বেশ কয়বার তার আইফোন ভাইব্রেট করে বেজে উঠে। “কমপক্ষে পাঁচ থেকে ছয়টি এসএমএস তো হবেই। আমি ঘাবড়াতে শুরু করলাম।” তখনই হঠাত কক্সের মনে আসে স্ট্রেচেই এর কথা। সেই ‘ভয়েসওভার’ ব্যবহার করেই বাকি কাজটুকু সারলেন কক্স।