বিংয়ে পরিবর্তন আনল মাইক্রোসফট
নিজেদের ভিডিও সার্চিং ফিচার বিং ভিডিও সার্চকে নতুনভাবে সাজিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, চলতি সপ্তাহে নতুন করে সাজানোর পর বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে বিং ভিডিও সার্চ। এখন ব্যবহারকারী কিছু সার্চ করার পর রেজাল্টে পাওয়া ভিডিওগুলোর প্রিভিউ দেখতে পারবেন। শুধু মাউসের কার্সার রাখলেই চালু হয়ে যাবে প্রিভিউ।
রেজাল্টের সঙ্গে পাওয়া যাবে কিছু বাড়তি তথ্যও। ভিডিওটি কতবার দেখা হয়েছে, কবে আপলোড করা হয়েছে আর কে আপলোড করেছেন- এমন প্রশ্নের উত্তর মিলবে রেজাল্টে ক্লিক করার আগেই।
নতুন আনা পরিবর্তনগুলোর মধ্যে আরেকটি আকর্ষণীয় দিক হচ্ছে তা মিউজিক ভিডিওগুলোর উপর জোর দেবে। গানের জন্য সার্চ করার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা আর সার্চ করা শব্দের সঙ্গে মিল রেখে ফল প্রদর্শন করা হবে। রেজাল্টের মধ্যে ‘সেরা’ গানগুলোর সঙ্গে ‘এক্সট্রা-লার্জ প্রিভিউ’ দেখানো হবে।
শুধু ইউটিউব নয় অন্যান্য সাইট থেকেও রেজাল্ট খুঁজে আনবে এখন এই সার্চ ইঞ্জিন।
