অনলাইনে আইএস ঠেকাতে পুলিশ
ইসলামিক স্টেট বা আইএসের সঙ্গে সম্পৃক্ত সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট ট্র্যাক ও ব্লক করার লক্ষ্যে ইউরোপে নতুন পুলিশ বাহিনী গঠন করা হয়েছে। নতুন গঠিত ওই পুলিশ বাহিনীর প্রধান লক্ষ্য হচ্ছে, আইএস সংশ্লিষ্ট নতুন অ্যাকাউন্ট চিহ্নিত করে তা দুই ঘন্টার মধ্যে বন্ধ করে দেওয়া।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে মাইক্রোব্লগিং সাইট টুইটারেই আইএসের কমপক্ষে ৪৬ হাজার অ্যাকাউন্ট রয়েছে। আইএস-এর ওই অ্যাকাউন্টগুলোর অধিকাংশই নতুন সদস্য নিয়োগের জন্য ব্যবহৃত হয়ে থাকে।
লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন সামাজিক মাধ্যমের সঙ্গে কাজ করবে ইউরোপিয়ান পুলিশ সংস্থা ইউরোপোল। নব গঠিত পুলিশ বাহিনী পহেলা জুলাই ২০১৫ থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছে ইউরোপোলের পরিচালক রব ওয়েনরাইট। তিনি আরও জানান, আইএস সংশ্লিষ্ট সব সোশাল মিডিয়া ট্র্যাক করার কাজটি বেশ ঝুঁকিপূর্ণ।
ওয়েনরাইট এ প্রসঙ্গে বলেছেন, “আমরা অনলাইনে যা দেখছি, সেগুলোকে ইউরোপিয়ান পুলিশ সেবার পাঠানো তথ্য ও আমাদের মেধাশক্তির সঙ্গে সমন্বিত করতে হবে যাতে করে আমরা আরও কৌশলি পথে অ্যাকাউন্টগুলো চিহ্নিত করতে ও সেগুলো বন্ধ করতে পারি।”
ওয়াশিংটন ইন্সটিটিউট ফর নিয়ার-ইস্ট পলিসি’র জিহাদি দল বিশেষজ্ঞ অ্যারোন জেলিন জানিয়েছেন, টুইটারের মাধ্যমে আইএস তাদের সম্ভাব্য সদস্য নির্বাচিত করে, সরাসরি নিয়োগ দেয় না। আইএসের অধিকাংশ সরাসরি নিয়োগদান সংক্রান্ত কথাবার্তার জন্য স্কাইপ, হোয়াটসঅ্যাপ ও কিকের মত সামাজিক প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করা হয় বলেও জানান জেলিন।
