টেইলর সুইফটের ডাকে সাড়া দিল অ্যাপল
অ্যাপল মিউজিকে গান স্ট্রিমিংয়ের ক্ষেত্রে শিল্পীদের যথাযথ সম্মানী দেওয়ার জন্য টেইলর সুইফটের আহ্বানে সাড়া দিয়েছে অ্যাপল। অ্যাপল মিউজিকের তিন মাসের ‘ট্রায়াল পিরিয়ডে’ শিল্পীদের প্রাপ্য সম্মানী দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আইটিউনস বিভাগের প্রধান এডি কিউ।
মার্কিন সংবাদ মাধ্যম হাফিংটনপোস্ট জানিয়েছে, অ্যাপল মিউজিকের ট্রায়াল পিরিয়ডে শিল্পীদের কোনো সম্মানী না পাওয়ার ইসু নিয়ে অ্যাপলের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছিলেন সুইফট। নিজের ‘১৯৮৯’ অ্যালবামটি অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সেবায় না দেওয়ার ঘোষণাও করেন তিনি।
টাম্বলারে পোস্ট করা খোলা চিঠিতে অ্যাপল মিউজিকের ট্রায়াল পিরিয়ডে শিল্পীদের সম্মানী না দেওয়ার ব্যাপরটিকে ‘বিস্ময়কর ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছিলেন সুইফট।
খোলা চিঠিতে সুইফট বলেন, “এটা শুধু আমার ক্ষেত্রেই নয়। সৌভাগ্যক্রমে আমি আমার পঞ্চম অ্যালবাম প্রকাশ করেছি। লাইভ শোর আয় থেকে আমি আমার ব্যান্ড এবং ব্যবস্থাপক দলকে চালাতে পারি। কিন্তু নতুন শিল্পী বা গায়কদের জন্য, যারা সদ্যই তাদের প্রথম অ্যালবাম বের করছেন কিন্তু কোনো প্রকার সম্মানী পাচ্ছেন না এটা তাদের জন্য।”
এক টুইটে সুইফটের চিঠির উত্তর দিয়েছেন অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ ইন্টারনেট সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস এডি কিউ। অ্যাপল মিউজিকের ট্রায়াল পিরিয়ডের জন্যেও শিল্পীদের সম্মানী দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
