২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকবুকের ‘কিচেইন’ দুর্বলতা

মার্কিন টেক জয়ান্ট অ্যাপলের নির্মিত ম্যাক কম্পিউটারে গুরুতর নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন ইন্ডিয়ানা ইউনিভার্সিটির গবেষকরা। ‘কিচেইন’ সফটওয়্যারের ত্রুটির সুযোগ নিয়ে ম্যালওয়্যারের সাহায্যে ম্যাক ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি করে নিতে পারবে হ্যাকাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 06:25 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, কিচেইনের ওই ত্রুটির কারণে ম্যাকে ম্যালওয়্যার সংক্রমণ ঘটিয়ে হ্যাকাররা আইক্লাইড অ্যাকাউন্ট থেকে শুরু করে নোটস, ফটোস, ইমেইল, ব্যাংকিং, সোশাল মিডিয়া ইত্যাদি সবকিছুই হ্যাক করতে পারবেন।

গবেষকরা ম্যাকে বহুল ব্যবহৃত ১,৬১২টি অ্যাপ পরীক্ষা করে জানিয়েছেন, ওই অ্যাপগুলোর মধ্যে ৮৯ শতাংশ অ্যাপে এ ধরনের সাইবার আক্রমণ চালানো সম্ভব।

ইন্ডিয়ানা ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক জিয়াওফেং ওয়াং ও তার সহকর্মীরা ম্যাকের নিরাপত্তা ত্রুটি নিয়ে ওই গবেষণা চালান। গবেষণায় দেখা গেছে, ম্যালওয়্যার অ্যাপ অ্যাপ ম্যাকের কিচেইন সফটওয়্যারে প্রবেশ করে পুরানো পাসওয়ার্ড মুছে দেয় এবং পরে ব্যবহারকারী যখন সফটওয়্যারটিতে নতুন পাসওয়ার্ড টাইপ করেন তখন সেটি চুরি করে নিতে পারে।

এই পদ্ধতিতে সাইবার আক্রমণ চালানো সম্ভব কিনা তা যাচাই করতে গবেষকরা ‘জোক এভরিডে’ নামের একটি ম্যালওয়্যার অ্যাপ তৈরি করে অ্যাপলের অ্যাপ স্টোরে আপলোড করেন বলে জানিয়েছে সিএনএন।   

সিএনএন জানিয়েছে, অ্যাপলকে ওই ত্রুটির বিষয়ে ২০১৪ সালের অক্টোবরেই জানিয়েছেন। তবে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করে দিয়েছেন গবেষকরা। এ প্রসঙ্গে গবেষক ওয়াং বলেন, “বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আমরা যদি এভাবে চুপ করে থাকি, তাহলে ম্যাক ব্যবহারকারীদের উপর অবিচার করা হবে।”

এই বিষয়ে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে সিএনএন।