ইউরোপে উন্মুক্ত হচ্ছে না ‘মোমেন্ট’
ইউরোপে উন্মুক্ত করা হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের নতুন ফটো শেয়ারিং অ্যাপ ‘মোমেন্ট’। অ্যাপটির ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ব্যবহারকারীদের ‘প্রাইভেসি’ লংঘন হতে পারে, এই আশঙ্কা থেকে অ্যাপটি উন্মুক্ত করার ক্ষেত্রে বাদ সেধেছেন ইউরোপের ডেটা নিয়ন্ত্রকরা।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মোমেন্ট অ্যাপটির সাহায্যে পোস্ট না করেও বন্ধুদের সঙ্গে মোবাইলে ছবি আদান-প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যাপটি এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
আইরিশ ডেটা নিয়ন্ত্রকরা জানিয়েছেন, অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তির সেবাটি ব্যবহার করতে চান কি না সেই সিদ্ধান্ত ব্যবহারকারীকেই নেওয়ার সুযোগ দিতে হবে। কিন্তু ফেইসবুক জানিয়েছে, এ মুহূর্তে অ্যাপটিতে এ ধরনের কোনো ফিচার যোগ করা সম্ভব নয়।
এ প্রসঙ্গে ফেইসবুকের হেড অফ পলিসি ইন ইউরোপ রিচার্ড অ্যালেন বলেন, “আমাদের কোনো অপ্ট-ইন মেকানিজম নেই। তাই নতুন করে এটি যোগ না করা পর্যন্ত অ্যাপটি উন্মুক্ত করা যাচ্ছে না।”
মোমেন্ট অ্যাপটির ফেশিয়াল রিকগনশন প্রযুক্তি ছবি থেকে ফেইসবুক বন্ধুদের চিহ্নিত করতে পারবে ও ব্যবহারকারী ফেইসবুকের ওই বন্ধুদের মোবাইলে ছবি পাঠাতে পারবেন।
ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের মাত্রা বাড়ার ফলে এটি শুধু ইউরোপেই নয়, যুক্তরাষ্ট্রেও বিতর্ক সৃষ্টি করেছে। প্রযুক্তিটি প্রসঙ্গে প্রাইভেসি সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ন্যূনতম মানুষকে এ অধিকারটুকু দেওয়া উচিত যাতে তারা নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারেন, তাদের প্রতিটি কার্যক্রম অজানা কোনো প্রতিষ্ঠান ট্র্যাক করছে, ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে তাদের নাম জানছে এমন ভয় নিয়ে যেন তাদের চলাফেরা করতে না হয়।
