২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিডিওএস আক্রমণের শিকার কানাডা সরকার

সাইবার আক্রমণের শিকার হয়েছে কানাডা সরকারের পরিচালিত একাধিক ওয়েবসাইট। ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে সাইবার আক্রমণের দায় স্বীকার করে নিয়েছে হ্যাকারদের সংগঠন অ্যানোনিমাস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 03:48 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

সম্প্রতি কানাডা সরকার নতুন সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন করেছে যা সি-৫১ নামে পরিচিত। ইউটিউবের ভিডিওটির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নতুন ওই আইনটির বিপরীতে পাল্টা জবাব হিসেবে সাইবার আক্রমণের পথ বেছে নিয়েছে অ্যানোনিমাসের হ্যকাররা।

সাইবার আক্রমণের ঘটনা নিশ্চিত করেছেন কানাডার সংসদ সদস্য টনি ক্লিমেন্ট। বুধবারের ওই সাইবার আক্রমণে বন্ধ হয়ে গিয়েছিল কানাডা সরকার পরিচালিত বেশ কয়েকটি ওয়েবসাইট। ক্রমান্বয়ে সাইটগুলো আবারও চালু হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বিবিসির প্রতিবেদনে অনুযায়ী, ওয়েবসাইটগুলোর উপর ডিডিওএস আক্রমণ চালিয়েছিল অ্যানোনিমাসের হ্যাকাররা। ওই ঘটনায় সরকারি ওয়েবসাইট এবং কম্পিউটার নেটওয়ার্ক থেকে কোনো স্পর্শকাতর ডেটা বেহাত হয়েছে কি না সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি ক্লিমেন্ট।

অন্যদিকে ইউটিউবে পোস্ট করা ভিডিওতে সি-৫১ সরাসরি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে বলে অভিযোগ তুলেছে অ্যানোনিমাস। অ্যানোনিমাসের আক্রমণের কয়েক দিনের আগেই কানাডিয় সংসদের নিম্নকক্ষের আইটি বিভাগ সংশ্লিষ্ট কর্মীদের সম্ভাব্য সাইবার আক্রমণের ব্যাপারে সতর্ক করে দিয়েছিল।

গেল বছরের গ্রীষ্মে সাইবার আক্রমণের শিকার হয়েছিল কানাডার ন্যাশনাল রিসার্চ কাউন্সিল। ওই সাইবার আক্রমণের মূল হোতা হিসেবে অভিযোগ তোলা হয়েছিল চীনের হ্যাকারদের বিরুদ্ধে।