গতি কমছে ওয়েবের
শুধু ব্যবহারকারীদের ডিভাইসের দুর্বলতা বা ইন্টারনেট সংযোগের জটিলতার কারণে নয়, বিভিন্ন সাইটের আকারের কারণেও গতি কমছে ওয়েব ব্রাউজিংয়ের। আগের তুলনায় লোড হতে বেশি সময় নিচ্ছে ‘আধুনিক’ ওয়েবসাইটগুলো।
এইচটিটিপি আর্কাইভের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখনকার সাইটগুলো গড় আকার ২.১ মেগাবাইট। বছর তিনেক আগের ওয়েবসাইটগুলোর তুলনায় যা দ্বিগুণ বড়।
ওয়েবসাইটগুলোর এই বাড়তি ‘ওজনের’ কারণও আছে। ওয়েবসাইটগুলো ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ভিডিও, ছবি আর প্লাগ-ইন জুড়ে দিচ্ছে ওয়েব পেইজে। যা বাড়তি চাপ ফেলছে ব্রডব্যান্ড আর ওয়্যারলেস সংযোগে।
ব্যবহারকারীদের অনুসরণ এবং সাইটগুলোর বিভিন্ন অ্যানালাইসিস টুলের ব্যবহারও ওয়েব পেইজগুলোর ধীর গতির আরেকটি কারণ। থার্ড-পার্টি ডেটা ট্র্যাকার শুধু ওয়েবসাইটের ‘ওজনই’ বাড়ায় না, ডেটা সংগ্রহ করার একাধিক টাস্কের কারণে পেইজ লোড হওয়ার সময়ও বাড়ায়।
বর্তমানে ওয়েবসাইটগুলোর কনটেন্টের তিন-চতুর্থাংশই থাকে বিভিন্ন ফটো এবং ভিডিও। স্মার্টফোন, ট্যাবলেট এবং স্মার্টওয়াচের মতো ডিভাইসগুলোর ব্যবহার যতোই বাড়ছে ওয়েবসাইটগুলোর ততো বেশি সংস্করণ তৈরিতে বাধ্য হচ্ছেন ডেভেলপাররা। এমনও ওয়েবসাইট আছে যাতে ডিভাইসভেদে ৫০টি আলাদা আকারে ছবি লোড হওয়ার ফিচার রাখা হয়েছে। বাড়তি এই ফিচারগুলোর জন্য যে বাড়তি কোডের প্রয়োজন হয়, তাতে সব মিলিয়ে ওই ওয়েবসাইটই ‘ভারি’ হয়।
এক্ষেত্রে কনটেন্টে ডেলিভারি নেটওয়ার্কে আকামির ভিপি অফ ওয়েব এক্সপেরিয়েন্স প্রোডাক্টাস ক্রেইগ অ্যাডামস দায়ী করেছেন ব্যবহারকারীদের ডেস্কটপ ছেড়ে মোবাইল ডিভাইসপ্রীতিকে। “ডেস্কটপের বদলে মোবাইল ডিভাইস নির্ভরতাই ওয়েবসাইট পারফর্মেন্সে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে”-- মন্তব্য করেছেন অ্যাডামস।
ব্রাউজিংয়ের গতি কমার পেছনে আরও কারণ রয়েছে। নেটওয়ার্কের উপর বাড়তি চাপ, প্রোসেসিংয়ের গতি, ব্রাউজার, সচল প্রোগ্রাম আর ট্যাবের সংখ্যা, এ সবই প্রভাব ফেলে ওয়েব ব্রাউজিংয়ের গতির উপর। এসবকিছু মিলিয়েই কমছে ওয়েবের গতি।
