অ্যাপলকে স্নোডেনের সমর্থন
ব্যক্তিকেন্দ্রিক ডেটা সংগ্রহভিত্তিক ব্যবসার বদলে সেবা গ্রাহকদের ব্যক্তিগত ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপলের প্রতিশ্রুতিকে সমর্থন জানিয়েছেন এডওয়ার্ড স্নোডেন। বার্সেলোনায় চলতি চ্যালেঞ্জ ডটআরএস সম্মেলনে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রতি তার সমর্থন জানান এনএসএর এই সাবেক ঠিকাদার।
সম্প্রতি ইলেকট্রনিক প্রাইভেসি ইনফর্মেশন সেন্টার অ্যাওয়ার্ডে প্রাইভেসি ইসু নিয়ে অ্যাপলের শক্ত অবস্থান ব্যাখ্যা করেন অ্যাপল প্রদান টিম কুক। কুক কী আদৌ প্রাইভেসি ইসুতে নিজস্ব সততার জায়গা থেকে ওই বক্তব্য দিয়েছেন নাকি পুরো ব্যাপারটি ব্যবসায়িক কৌশলের অংশ মাত্র-- এ সম্পর্কে স্নোডেনের মত জানতে চাওয়া হয় প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের পক্ষ থেকে।
কুকের অবস্থান বা উদ্দেশ্য যাই হোক না কেন, অ্যাপল যদি ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে বিক্রি করার বদলে ভালো পণ্য নির্মাণের মাধ্যমে বাজারে টিকে থাকতে চায় তবে সেটা সেবা গ্রাহক এবং সর্বোপরি প্রাইভেসি ইসুর জন্যই ইতিবাচক হবে বলে মন্তব্য করেছেন স্নোডেন।
ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে বিজ্ঞাপন দাতাদের কাছে বিক্রি করে সহজ ব্যবসা হলেও, এর বদলে ক্রেতা ও গ্রাহকদের চাহিদার ভিত্তিতে তাদের পাশে দাঁড়ালে সেই পদক্ষেপকে অবশ্যই সমর্থন জানানো উচিত বলেও মন্তব্য করেন সাবেক এই এনএসএ ঠিকাদার।
“আর অ্যাপল যদি ভবিষ্যতে বিপরীতমুখী অবস্থান নেয় তবে সেটা অ্যাপলের জন্য বড় একটা আঘাত হবে কারণ সেটা বিশ্বাসঘাতকতা হয়ে যাবে। গ্রাহকদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হবে সেটি। তবে নিজের অবস্থান থেকে টিম কুক যে নেতৃত্বের পরিচয় দিয়েছেন তাতে কুক তার প্রতিশ্রুতি ধরে রাখবেন বলেই আশা করবো আমি।”-- যোগ করেন স্নোডেন।
সম্প্রতি প্রাইভেসি ইসু নিয়ে সোচ্চার হয়েছে অ্যাপল। সংবাদবিজ্ঞপ্তি আর বিভিন্ন আয়োজনে টিম কুকের সশরীরে হাজির হয়ে প্রাইভেসি ইসু নিয়ে দেওয়া বক্তব্য ইতিবাচকভাবেই গ্রহন করেছেন ক্রেতা ও বাজার বিশ্লেষকরা। গুগল আর ফেইসবুকের মতো প্রযুক্তি জায়ান্টের ব্যবহারকারীদের ডেটা সংগ্রহের ব্যবসায়িক কৌশলের বাইরে গিয়ে নিজেদের পণ্য দিয়েই শক্ত অবস্থানে থাকার ঘোষণা ভালো সারা পাচ্ছে অ্যাপল।
