বিটটরেন্টের আনল ফটোশেয়ারিং অ্যাপ
নতুন ক্রস প্লাটফর্ম ফটো শেয়ারিং অ্যাপ উন্মুক্ত করেছে জনপ্রিয় পিয়ার-টু-পিয়ার ফাইল শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান বিটটরেন্ট। ‘বিটটরেন্ট শুট’ ব্যবহার করে আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ডিভাইসের মধ্যে ছবি আদান-প্রদান করা যাবে সহজে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বিটটরেন্টের অ্যাপটি দিয়ে ছবি শেয়ার করার ক্ষেত্রে সময়ও কম লাগবে। অ্যাপটি ছবি শেয়ার করার জন্য ক্লাউডে আপলোড করে না। বরং এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সরাসরি ছবি পাঠায় বিটটরেন্ট শুট।
ছবি আদান-প্রদানের সময় যে ডিভাইসটি ছবিগুলো পাবে সেটি প্রেরক ডিভাইস থেকে কিউআর কোড পায়। কোড পাওয়ার পরই শুরু হয় ছবি পাঠানো। ক্রস প্লাটফর্ম হলেও ছবিগুলো সরাসরি পাঠানোয় বড় আকারের ফাইলও দ্রুত গতিতে ট্রান্সফার হয়।
ম্যাশএবল জানিয়েছে, বিনামূল্যে ডাউনলোড করা যাবে বিটটরেন্ট শুট। তবে তৃতীয়বার ছবি পাঠানোর পর থেকে প্রতিবার ২ ডলার করে খরচ করতে হবে প্রেরকের। এক্ষেত্রে প্রাপকের কোনো খরচ নেই।
