২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ১০ তৈরিতে ভিন্ন পদক্ষেপ

উইন্ডোজ ১০ যাতে উইন্ডোজ ৮ বা ভিস্তার মতো জটিল না হয়, সেজন্য বিভিন্ন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ও অসংখ্য উইন্ডোজ ব্যবহারকারীর কাছ থেকে পরামর্শ নিয়েছিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 01:34 AM

Updated : 22 Aug 2022, 12:37 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, উইন্ডোজ ১০ তৈরির সময় কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল, হিউলেট-প্যাকার্ড (এইচপি) ও তোশিবা’র চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারীরা নানাবিধ পরামর্শ দিয়ে মাইক্রোসফটকে সহায়তা করেছে।

পিসি নির্মাতারা জানিয়েছেন, উইন্ডোজ ৮ এর ক্ষেত্রে তাদের মনে হচ্ছিল অপারটিং সিস্টেমটি জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে, কিন্তু উইন্ডোজ ১০-এর ক্ষেত্রে বিষয়টি হয়েছে উল্টো। এক্ষেত্রে তাদের মনে হয়েছে, তারা একে অপরকে সহযোগিতা করছেন। এ প্রসঙ্গে এইচপি’র পণ্যকৌশল বিভাগের প্রধান মাইক ন্যাশ বলেছেন, ‘‘পরামর্শ গ্রহণের ব্যাপারে মাইক্রোসফট যেরকম বন্ধুসুলভ আচরণ করেছে তা প্রশংসনীয়, আমরা উইন্ডোজ ১০ তৈরির পরিকল্পনা থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়া চলাকালে মাইক্রোসফটের সঙ্গেই ছিলাম।”

অন্যদিকে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল-এর মার্কেটিং প্রধান ও সাবেক মাইক্রোসফট কর্মকর্তা অ্যালিসন ডিউ জানিয়েছেন, মাইক্রোসফট এবার যে প্রক্রিয়ায় কাজ করেছে, তা অতীতে কখনো করা হয়নি। এ ছাড়া তোশিবার ইউ.এস. পিসি ব্যবসায়ের প্রধান মনে করছেন, উইন্ডোজ ১০-এ যে ফিচারগুলো রয়েছে তা ব্যবহারকারীদের আকৃষ্ট করতে এবং পিসি বাজারকে পুনরায় জাগিয়ে তুলবে।

এ প্রসঙ্গে মাইক্রোসফটের মুখপাত্র জোনাথান রিচার্ডসন জানিয়েছেন, মাইক্রোসফট তাদের নতুন পদক্ষেপের মাধ্যমে ইতোমধ্যেই প্রতিক্রিয়া সংগ্রহের জন্য ৪০ লাখ অংশীদার, গ্রাহক ও কৌতুহলী মানুষকে নিজেদের সঙ্গে সংযুক্ত করতে পেরেছে।