যৌনজীবন মনিটর করবে অ্যাপল ওয়াচ
চলতি বছরেই বের হতে যাওয়া টেকজায়ান্ট অ্যাপলের হেলথ অ্যাপে আনা হয়েছে নতুন আপডেট। ব্যবহারকারীদের যৌন জীবনও মনিটর করা যাবে এটি দিয়ে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, যৌনঅভ্যাস সংক্রান্ত দরকারি তথ্য রাখতে এই অ্যাপটি কাজ করবে। অ্যাপল হেলথ কিট অ্যাপের ‘রিপ্রোডাক্টিভ অ্যাপ’-এর অংশ হিসেবে থাকবে এই ফিচার। আইওএস ৯ আপডেট করা হলেই এ ফিচার পাওয়া যাবে।
ব্যবহারকারীরা প্রতিদিন তাদের যৌনজীবনের তথ্য রাখতে পারবেন এতে। তবে, অ্যাপটি খুব একটা কাজে আসবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লেনক্স হিল হসপিটালের নারী ইউরোলজি বিশেষজ্ঞ ড. এলিজাবেথ ক্যাভালার এর মতে, যদি লোকে তাদের যৌনস্বাস্থ্য ভালো রাখতে চায় তবে তাদেরকে আরও তথ্য রাখতে হবে।
জর্জটাউন ইউনিভার্সিটির ইন্সটিটিউট ফর রিপ্রোডাক্টিভ হেলথের পরিচালক ভিক্টোরিয়া জেনিংস বলেন, “এটি উপকারী হতে পারে, তবে তা নির্ভর করছে মানুষের ইচ্ছার উপর।”
ব্যবহারকারীরা থার্ড-পার্টি অ্যাপ দিয়েও হেলথকিট থেকে তথ্য অ্যাকসেস করতে পারবেন।
