পরের আইফোনে এইচডি ফ্রন্ট ক্যামেরা!
আইওএস ৯-এর বেটা সংস্করণ নিয়ে কাজ করার সময় চমকপ্রদ কোড আবিষ্কার করেছেন এক ডেভেলপার। পরবর্তী আইফোনে ১০৮০ পিক্সেলের এইচডি ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে-- কয়েক লাইনের ওই কোড বিশ্লেষণ করে বলছেন ডেভেলপার ও সংশ্লিষ্টরা।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, আইওএস ৯-এ কয়েক লাইনের ওই কোড আবিষ্কার করেন ডেভেলপার হামজা সুদ। আইফোনের পরবর্তী মডেলের ফ্রন্ট ক্যামেরা ১০৮০ পিক্সেলের হবে এমনটাই ইঙ্গিত করছে ওই কোড। শুধু তাই নয়, ২৪০এফপিএস স্লো-মোশন ভিডিও এবং প্যানোরামাও ধারণ করতে পারবে পরবর্তী আইফোনের ফ্রন্ট ক্যামেরা।
আইফোন নিয়ে যতো গুজব শোনা যায় তার সিংহভাগই শেষ পর্যন্ত ভুয়া প্রমাণিত হয়। তবে আইওএসের কোডেই যেহেতু এইচডি ফ্রন্ট ক্যামেরার ব্যবহারের সুযোগ রাখা হয়েছে, তাতে পরবর্তী আইফোনে এইচডি ফ্রন্ট ক্যামেরার উপস্থিতির সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে ম্যাশএবল।
প্রযুক্তি ভক্তদের সেলফি প্রীতি নতুন কিছু নয়। তাই স্মার্টফোনের পেছনের ক্যামেরার মতো সামনের ক্যামেরাও শক্তিশালী করতে অ্যাপলের চেষ্টাও অযৌক্তিক নয়।
আইওএস ৯ এখনও বেটা সংস্করণে রয়েছে। ডেভেলপারদের হাত ঘুরে কয়েকবার পরিবর্তিত হওয়ার পর অ্যাপল আইওএস ৯-এর যে সংস্করণ বাজারজাত করবে সেটি থেকে বাদও পরে যেতে পেয়ে আলোচনায় আসা ওই কোডগুলো।
আইফোনের পরবর্তী মডেলের জন্য অপেক্ষা বরতে হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। স্মার্টফোনটিতে আদৌ এইচডি ফ্রন্ট ক্যামেরা থাকবে কি না, সে সঠিক প্রশ্নের উত্তর মিলবে তখনই।
