১৫ জুন আইসিটি এক্সপো শুরু
১৫ জুন শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তিভিত্তিক আয়োজন ‘বাংলাদেশে আইসিটি এক্সপো-২০১৫’
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনী ও মেলার আয়োজন হচ্ছে।
আইসিটিএক্সপো ২০১৫ আয়োজনে ‘ইনোভেশন জোন’ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। সেখানে নবীনদের নানা উদ্ভাবন প্রদর্শিত হবে। এছাড়া গেইমিং প্রতিযোগিতা, রোবট শো, সেলব্রেটি শো হবে এই জোনে।
প্রদর্শনীর তিন দিনে ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাকেটিং, উদ্যোক্তা সম্মেলনসহ তথ্যপ্রযুক্তিভিত্তিক ১০টি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়াও ‘ভবিষ্যৎ উদ্যোক্তা ফোরাম’ শীর্ষক সম্মেলনের আয়োজন করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
প্রদর্শনী চলাকালে ইনোভেশন প্রজেক্ট চ্যাম্পিয়নশিপ, ডিজিটাল ফটো কনটেস্ট, সেলফি কনটেস্ট, গেইমিং কনটেস্ট, সেলিব্রেটি শো, প্রোডাক্ট শো, স্পন্সর আওয়ার নামের নানান সেশন অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় শিশুদের জন্য বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বয়সভিত্তিক দুই বিভাগে ‘তোমার ভবিষৎ স্বপের ডিভাইস’ বিষয়ে অঙ্কন প্রতিযোগিতা ১৬ জুন বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরেমশন সার্ভিসেস (বেসিস), সিটিও ফোরাম এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে।
