গ্রামীণফোন-সিমফোনির নতুন ‘মিউজিক ফোন’
গান ভক্ত ক্রেতাদের জন্য যৌথভাবে নতুন মিউজিক ফোন ‘সিমফোনি এম১’ নিয়ে এসেছে মোবাইল সেবাদাতা গ্রামীণফোন ও বাংলাদেশি মোবাইল ফোন নির্মাতা সিমফোনি। গ্রামীণফোন সেন্টারগুলোতে সিমফোনি এম১ কিনতে পাওয়া যাবে ৭,২৯০ টাকায়।
এক যৌথ সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ব্যাপারে নানা তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। গ্রামীণফোন সেন্টার থেকে কেনা প্রথম এক হাজার এম১-এর ক্রেতারা হেডফোন পাবেন স্মার্টফোনটির সঙ্গে। গ্রামীণফোনের প্রিপ্রেইড গ্রাহকরা এম১ ফোন কিনলে ২৬.২৫ টাকায় ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন (সর্বোচ্চ ১০ বার)। এ ছাড়াও এসসিবি, ইবিএল ও অ্যামএক্স ক্রেডিট কার্ড দিয়ে ক্রেতারা গ্রামীণফোন সেন্টার থেকে ছয় মাসের কিস্তিতে ফোনটি কিনতে পারবেন।
১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর আছে এম১-এ, চলবে অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে। আছে ৪.৭ ইঞ্চির আইপিএস কিউএইচড এইচডি ডিসপ্লে। অন্যান্য ফিচারের মধ্যে আছে, এলইডি ফ্ল্যাশ সহ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১ গিগাবাইট র্যাম এবং ৮ গিগাবাইট বিল্ট ইন মেমরি যাতে ৩২ গিগাবাইট পর্যন্ত যোগ করা যাবে। মাইক্রো ইউএসবি, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিআরএস/এজ এবং টুজি/থ্রিজি সংযোগ সুবিধা আছে স্মার্টফোনটিতে। কিনতে পাওয়া যাবে কালো এবং সাদা রঙে।
এই প্রসঙ্গে সিমফোনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক বলেন, “আমরা সব সময় টেকসই এবং সূলভ হ্যান্ডসেটের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্ট করতে সচেষ্ট। গ্রামীণফোনের সহযোগিতায় মিউজিক ফোন এম১ চালু করতে পেরে আমরা গর্বিত।”
