২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে অ্যাপলের মিউজিক অ্যাপ

নতুন মিউজিক অ্যাপ বাজারজাত করার ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে আয়োজিত ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০১৫-তে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 01:30 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বলা হচ্ছে স্পটিফাই বা টাইডালের মত মিউজিক স্ট্রিমিং সেবাগুলোর বিপরীতে সরাসরি লড়বে অ্যাপলের নতুন মিউজিক অ্যাপ।

বিবিসি জানিয়েছে, নতুন অ্যাপে স্ট্রিমিংয়ের সুবিধাসহ থাকবে মিউজিক ভিডিও লাইব্রেরি এবং ইন্টারনেট রেডিও স্টেশন। তাছাড়া এই অ্যাপটির মাধ্যমে শিল্পীরা তাদের নতুন ট্র্যাক বা গান শেয়ার করতে পারবেন।

অ্যাপলের এই মিউজিক অ্যাপে থাকছে বিটস ওয়ান রেডিও স্টেশন যা পরিচালনা করবেন বিবিসির সাবেক ডিজে জেন লোসহ আরও অনেক পরিচিত মুখ।

এই অ্যাপটি অ্যাপলের ভয়েস কন্ট্রোলড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরির মাধ্যমেও কাজ করবে বলে জানিয়েছে বিবিসি। এর ফলে ট্র্যাকের সম্পূর্ণ নামের বদলে সিনেমা বা বছরের নাম উল্লেখ করেও কাঙ্খিত গান শোনা যাবে।

অ্যাপলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই সেবা আগামী ৩০ জুন থেকে শতাধিক দেশে একযোগে চালু করা হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে নাগরিকদের ক্ষেত্রে এই সেবার জন্য মাসিক খরচ হবে ৯.৯৯ ডলার। পরিবারে সর্বাধিক ৬ জন ব্যক্তির জন্য বিশেষ প্যাকেজে খরচ হবে মাসিক ১৪.৯৯ ডলার।

প্রাথমিকভাবে এই অ্যাপটি শুধু আইওএস, উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটারে পাওয়া যাবে। তবে চলতি বছরের শেষের দিকে অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যাপল টিভিতেও পাওয়া যাবে বলে জানিয়েছে বিবিসি।