দেশে স্যামসাংয়ের বিতরণ গুদাম
বাংলাদেশে প্রথমবারের মতো ডিস্ট্রিবিউশন ওয়্যারহাউজ চালু করেছে স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। এতে সহযোগিতা করেছে আন্তার্জাতিক কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান টিএনটি। সার্ভিস সেন্টারের চাহিদার উপর ভিত্তি করে দেশব্যাপী দ্রুত স্যামসাং ডিভাইসের পার্টস ও অ্যাক্সেসরিজ পৌঁছে দিতে প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহন করলো প্রতিষ্ঠানটি।
এক সংবাদবিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, ওয়্যারহাউজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সি এস মুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যামসাং ইন্ডিয়া ইলেক্ট্রনিক্স লিমিটেডের কাস্টমার স্যাটিসফ্যাকশন টিমের ভাইস প্রেসিডেন্ট এস ওয়াই জুং, বাংলাদেশ ট্রেড সিন্ডিকেট লিমিটেড (বিটিএসএল)-এর ম্যানেজিং ডিরেক্টর তানজিল চৌধুরী এবং স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের হেড অফ সার্ভিসেস তানভির শাহেদ। আরও উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশ, টিএনটি এবং স্যামসাংয়ের সহযোগী সেবা প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা।
ওয়্যারহাউজ উদ্বোধন সম্পর্কে সি এস মুন বলেন, “এখন আমাদের গ্রাহকরা আরও দ্রুত মানসম্মত সেবা পাবেন। টিএনটি-এর সহায়তায় সর্বোত্তম গ্রাহক সেবায় আমরা এক নতুন মানদণ্ড সৃষ্টি করতে পারব বলে আশা করছি।”
২ হাজার বর্গফুটের ওয়্যারহাউজটি ঢাকার তেজগাঁও-এ অবস্থিত। দেশব্যাপী অবস্থিত সার্ভিস সেন্টারগুলোর চাহিদা অনুযায়ী স্যামসাং মোবাইল যন্ত্রাংশ সরবরাহ করা হবে এখন থেকে।
