‘এনক্রিপশন মত প্রকাশের চাবি’
মত প্রকাশের জন্য এনক্রিপশন সফটওয়্যারকে ‘প্রয়োজনীয়’ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। এক প্রতিবেদনে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, পরিচয় গোপন রাখার টুল ছাড়া অনেকেই নিজেদের মত প্রকাশ করতে দ্বিধাবোধ করবেন।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এনক্রিপশন সফটওয়্যারকে দূর্বল করার কোনো প্রকার চেষ্টা করা হলে তা বাক স্বাধীনতার উপর প্রতিবন্ধকতার সৃষ্টি করবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
অনেক দেশের সরকারের অনৈতিকভাবে ডেটা সংগ্রহ করতে চাওয়ার বাস্তবতায় এমন প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনের বিশেষ দূত ডেভিড কায়ের লেখা এ প্রতিবেদনে বলা হয়েছে, “এনক্রিপশন আর পরিচয় গোপন রাখা, আলাদাভাবে বা একসঙ্গে, মত আর বিশ্বাসের প্রাইভেসি রক্ষায় একটি ক্ষেত্র তৈরি করে।”
রাষ্ট্রের পক্ষ থেকে এনক্রিপশন আর পরিচয় গোপন রাখার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আনা উচিত নয় বলেও ওই প্রতিবেদনে বলা হয়।
চলতি বছর জুনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এ প্রতিবেদন উপস্থাপন করার কথা রয়েছে।
