সেলফি তুলতে ড্রোন!
সেলফি তোলার জন্য বিশেষ এক ড্রোন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলের দুই শিক্ষার্থী। ‘লিলি ক্যামেরা’ নামের এই ড্রোন স্বয়ংক্রিয়ভাবে ছবির বিষয় শনাক্ত সর্বোচ্চ ৫০ ফুট উচ্চতা থেকে ছবি তুলতে পারবে। ছবি তোলার জন্য আক্ষরিক অর্থেই মালিককে অনুসরণ করবে এই ড্রোন।
সিএনএন জানিয়েছে, জিপিএস রিমোটের মাধ্যমে মালিককে অনুসরণ করবে লিলি ক্যামেরা। পারিবারিক সেলফি থেকে শুরু করে মাউন্টেইন বাইকিং, এমনকি টেনিস খেলার সময়ও খেলায়ারদের সেলফি সহ নানা ছবি তুলতে পারবে লিলি ক্যামেরা। পানি নিরোধক হওয়ায় সার্ফাররাও ব্যবহার করতে পারবেন এই ক্যামেরা।
উড়ানোর আগে চাকতির মতো দেখতে ড্রোনটির কার্যক্রম স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ঠিক করে দেওয়া যায়। মাটি থেকে ৫০ ফুট উচ্চতা পর্যন্ত ড্রোনটি নিয়ন্ত্রণে কোনো হাতে ধরা কোন কন্ট্রোলার প্রয়োজন হয় না, শুধু উড়িয়ে দিলেই হয়। আবার রিমোট কন্ট্রোলারের চাপ দিলেই তা মাটিতে ফিরে আসে।
২.৮ পাউন্ডের এই ড্রোনটি ১০ ইঞ্চি চওড়া আর ৩ ইঞ্চি লম্বা। ঘন্টায় ২৫ মাইল বেগে চলতে পারে। টানা ২০ মিনিট ১০৮০ পিক্সেলের ভিডিও এবং ১২ মেগাপিক্সেলের ছবি তুলতে পারে।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বাজারে অভিষেক হবে লিলি ক্যামেরার। তবে চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে এর জন্য প্রি-অর্ডার নেওয়া। বাণিজ্যিক হারে উৎপাদিত সংস্করণটির দাম ৯৯৯ মার্কিন ডলার নির্ধারণ করা হলেও প্রি-অর্ডারে এর দাম রাখা হয়েছে ৪৯৯ ডলার।
