প্রশ্নের মুখে ‘স্টাফ-ট্র্যাকিং’ অ্যাপ
যুক্তরাষ্ট্রে আদালতের মুখোমুখি এখন কর্মচারীদের দৈনন্দিন চলাফেরার উপর নজরদারি চালানোর অ্যাপ। ‘জোরা’ অ্যাপটির মাধ্যমে ‘প্রাইভেসি’ আইন লংঘন করা হয়েছে এই অভিযোগে নিয়োগদাতার বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক যার সাবেক পেশা ছিল বিক্রয় নির্বাহীর।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মির্না আরিয়াস নামের ওই বিক্রয় নির্বাহী অভিযোগ করেছেন, অফিসের বাইরেও তার দৈনন্দিন কাজকর্মের উপর নজরদারি চালাত এমন একটি অ্যাপ মুছে ফেলায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, ‘ইন্টারম্যাক্স’ নামের প্রতিষ্ঠানটি ‘জোরা’ নামের ট্র্যাকিং অ্যাপের সাহায্যে কর্মকর্তা-কর্মচারীদের সর্বক্ষণ নজরদারিতে রাখে। এমনকি দায়িত্বপালনরত অবস্থায় না থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা এই নজরদারির হাত থেকে রেহাই পেতেন না। প্রতিষ্ঠানটির সাবেক বিক্রয় নির্বাহী আরিয়াস ওই অ্যাপটি ফোন থেকে মুছে ফেলায়, তাকে ধমকানো হয় এবং কয়েক সপ্তাহের মাথায় চাকরিচ্যুত করা হয়।
আদালতের নথি অনুসারে, ২০১৪ সালে এপ্রিলে প্রতিষ্ঠানটি তার সব কর্মকর্তা-কর্মচারীদের ‘জোরা’ অ্যাপটি ইনস্টল করার নির্দেশ দেয়। অ্যাপটির মাধ্যমে উর্দ্ধতন কর্মকর্তারা তাদের কর্মীদের কাজের ব্যাপারে ও অন্যান্য বিভিন্ন বিষয়ে নজরদারি করতে পারতেন। অ্যাপটি জিপিএসের মাধ্যমে গুগল ম্যাপে কর্মীদের অবস্থানও শনাক্ত করতে পারতো বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির তথ্য অনুসারে, আরিয়াসকে ইন্টারম্যাক্স থেকে চাকরিচ্যুত করা হয় ৫ মে। আদালতে মামলা করে এখন পাঁচ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করছেন তিনি।
আদালতের নথি অনুসারে, আরিয়াসের উপর সার্বক্ষণিক নজরদারির বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত নিয়োগদাতা।
