নিরাপত্তাহীনতায় জন ম্যাকাফি
সফটওয়্যার নিরাপত্তার জন্য বিখ্যাত জন ম্যাকাফি জানিয়েছেন নিজের নিরাপত্তাহীনতার কথা। ‘ঘাতকরা’ এখনও পিছে লেগে আছে বলে দাবি করেছেন এই অ্যান্টিভাইরাস গুরু।
ম্যাকাফি অ্যান্টি-ভাইরাসের জন্য সবচেয়ে বেশি পরিচিত জন ম্যাকাফির জন্ম স্কটল্যান্ডে। বেড়ে উঠেন মার্কিন যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে। মধ্য অ্যামেরিকার ছোট্ট দেশ বেলিজে থাকাকালীন এক প্রতিবেশীর হত্যাকাণ্ডের ঘটনার সূত্র ধরে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছ থেকে এক রকম পালিয়ে বেড়াচ্ছিলেন ম্যাকাফি। যুক্তরাষ্ট্র সরকার আবার তাকে ফিরিয়ে আনলে তিনি টেনেসি অঙ্গরাজ্যের লেক্সিংটন শহরে বসবাস শুরু করেন।
কিন্তু এখনও নিজের জীবন নিয়ে শংকা কাটেনি ম্যাকাফির। দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, “কেউই জানে না ভবিষ্যতে কী হবে। লেক্সিংটনে আমার বন্ধুরা রয়েছে। এটি একটি সুন্দর ছোট্ট শহর, লোকজনও আন্তরিক। কিন্তু তারপরও, ঘাতকরা আমার পিছে লেগে আছে।”
লেক্সিংটনে পৌঁছে প্রথমেই শহরের মেয়র আর শেরিফের সঙ্গে দেখা করেন ম্যাকাফি। অনুসরণকারীদের থেকে বাঁচতে অনেকগুলো ফোন ব্যবহার করেন তিনি। সম্প্রতি কালো একটি গাড়িতে মুখে দাগসহ এক ব্যাক্তিকে দেখা গেছে বলে জানিয়েছেন তার এক প্রতিবেশী।
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও শংকিত ম্যাকাফি। তিনি বলেন, “ডেটা নিরাপত্তা এখন আর ডেটা সেন্টারের কর্মকর্তাদের হাতে নেই, ফোন ব্যবহার করার সময়ই লোকজন আপনার উপর নজরদারি করছে।”
তিনি আরও বলেন, “মানুষের তাদের ক্ষমতা ফিরিয়ে নেওয়া উচিত। আমরা আমাদের ব্যক্তিগত জীবনযাপনের জন্য সরকার আর কর্পোরেশনগুলোর উপর অনেক বেশি নির্ভর করি। একবার একটি বিষয় ভাবুন। এখন দশ মিটার পর্যন্ত পানিরোধক ফোনের প্রচলন রয়েছে। কিশোরীরা গোসল করার সময়ও অনবরত টেক্সট আদান-প্রদান করছে। এখনকার অ্যাপ ডেভেলপারদের অধিকাংশই আইবিএমের মতো কোনো প্রতিষ্ঠান নয় বা এগুলোর মান নিয়ন্ত্রণও তেমন নয়। আর তারা ডিভাইসের ক্যামেরা চালু করার বা মেসেজ পড়ার অনুমতি চাচ্ছে। আপনারা আমাদের কথা বিশ্বাস করুন- কিশোরীদের উপর নজরদারি চালাচ্ছে। আর আমি জানি এটা আসলেই হচ্ছে।”
