ব্রডব্যান্ডমুখী চীন
চীনের প্রায় অর্ধেক নাগরিক ধীরগতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করছেন। এই সমস্যা সমাধানে কম খরচে আরও উন্নত ও দ্রুতগতির ব্রডব্যান্ড নেটওয়ার্ক তৈরির নতুন পরিকল্পনা করেছে দেশটির সরকার।
বিবিসি জানিয়েছে, এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য কী পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দেশটি।
সরকারি বিনিয়োগ ছাড়াও ডেটা রোমিং চার্জসহ অন্যান্য ফি কমাতে দেশটির টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর কাছে আহ্বান জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সিল প্রধান লি কেকিয়াং।
তিনি বলেন, “চীনে অন্য যে কোনো দেশের তুলনায় সেলফোন ব্যবহারকারী বেশি। কিন্তু অনুন্নত অবকাঠামোর কারণে গতির দিক থেকে সারাবিশ্বের র্যাংকিংয়ে দেশটির অবস্থান ৮০’র নিচে। এই অবকাঠামো নির্মাণ তরান্বিত করলে তা বিনিয়োগ ও সাহায্য বাড়াবে।”
ইন্টারনেট সংযোগের খরচ কমাতে ও ব্রডব্যান্ডের গতি ৪০ শতাংশ বৃদ্ধি করতে দেশটির টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন কেকিয়াং।
এই প্রকল্পে ঠিক কী পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হবে সে ব্যাপারে কিছু জানান নি কেকিয়াং। তবে ২০২০ সালের মধ্যে ব্রডব্যান্ড কাঠামোর উন্নয়নের জন্য ২ লাখ কোটি ইউয়ান খরচ হবে বলে আগে জানিয়েছিলেন দেশটির সরকারি কর্মকর্তারা।
