২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ফেইসবুকেই সরাসরি পত্রিকার লেখা

অবশেষে ফেইসবুকে সরাসরি নিজস্ব প্রতিবেদন প্রকাশ করার প্রস্তাবে সাড়া দিয়েছে নিউ ইয়র্ক টাইমস আর এনবিসি নিউজসহ নয়টি গণমাধ্যম। সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটির সঙ্গে কয়েক মাস ধরে চলা আলোচনার পর ১৩ মে স্বল্প পরিসরে এই প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়েছে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 04:23 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বাজফিড, ন্যাশনাল জিওগ্রাফিক, দ্যা আটলান্টিক, এনবিসি নিউজ আর নিউ ইয়র্ক টাইমস- যুক্তরাষ্ট্রের এই পাঁচটি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে প্রতি বুধবার ফেইসবুকে সরাসরি একটি করে প্রতিবেদন প্রকাশ করবে। সেই সঙ্গে গার্ডিয়ান, বিবিসি নিউজ, বিল্ড আর স্পিগেল অনলাইন- এ চারটি ইউরোপিয়ান প্রতিষ্ঠানও এ প্রকল্পের আওতায় এসেছে।

এই প্রকল্প ছোট পরিসরে শুরু হলেও খুব শিগগিরই এর ব্যাপ্তি সংখ্যা বাড়বে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য খুশির খবর হচ্ছে, ফেইসবুকের মাধ্যমে সরাসরি পড়তে গেলে লোডিংয়ে ১০ গুণ বেশি গতি মিলবে। লিংকে ক্লিক করে ভিন্ন কোনো সাইটে যেতে হবে না, তাই মিলবে লোডিংয়ের এই বাড়তি গতি।

প্রতিবেদনের সঙ্গে দেওয়া বিজ্ঞাপন যদি প্রকাশকদের মাধ্যমে আসে তবে সম্পূর্ণ আয় প্রকাশকরাই পাবেন। আর যদি বিজ্ঞাপনগুলো ফেইসবুকের মাধ্যমে আসে তবে আয়ের ৩০ শতাংশ পাবে ফেইসবুক।

এ প্রকল্পের আওতায় আসা প্রতিষ্ঠান দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক জেইমস বেনেটের মতে, এর ফলে নিজেদের প্রতিবেদনের উপর নিয়ন্ত্রণ কমবে মূল প্রকাশকদের, তবে একই সময়ে অনেক বেশি পাঠকের কাছে পৌঁছাতে পারবেন তারা। আর এর মাধ্যমে বিশ্বস্ত পাঠকশ্রেণি তৈরিতে চেষ্টা করবেন তারা।