২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল ওয়াচে ওয়েব ব্রাউজিং ‘জঘন্য’

টেক জায়ান্ট অ্যাপলের তৈরি স্মার্টওয়াচ অ্যাপল ওয়াচে ওয়েব ব্রাউজ করার শখ হয়ত অনেকেরই রয়েছে। কিন্তু ব্রাউজ করার সুযোগ মিললে আশাহত হতে পারেন ব্যবহারকারী।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 05:46 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

‘কোমেক্স’ ছদ্মনামের এক ডেভেলপার সম্প্রতি অ্যাপল ওয়াচে সাফারি ব্রাউজার চালানোর এক ভিডিও প্রকাশ করেছেন। আর ওই ভিডিও অনুযায়ী অ্যাপল ওয়াচে ওয়েব ব্রাউজিং ব্যবহারকারীকে খুশির কোনো অভিজ্ঞতা দেবে না।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, আইফোন জেইলব্রেক টুল জেইলব্রেকমি তৈরির জন্য সবচেয়ে বেশি পরিচিত কোমেক্স। পরবর্তীতে অ্যাপলে চাকরিও পান ছদ্মনাম ব্যবহারকারী এই ডেভেলপার। অ্যাপল ওয়াচে সাফারি ব্রাউজার ব্যবহারের অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে প্রকাশ করলেও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

কোমেক্সের ওই ভিডিও অনুযায়ী, বাড়তি কোনো সফটওয়্যার ইনস্টল না করেই অ্যাপল ওয়াচে সাফারি ওয়েব ব্রাউজার চালানোর উপায় খুঁজে বের করেছেন তিনি।  অ্যাপল ওয়াচে সাফারি ব্রাউজার থাকলেও সহজে অ্যাকসেস করা যায় না এটি।

ওই ভিডিওর ভিত্তিতে ম্যাশএবল জানিয়েছে, অ্যাপল ওয়াচে ওয়েব ব্রাউজিংয়ের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। এতে ব্রাউজার স্ক্রিনের ছোট একটা অংশ দেখা যায়। সেই সঙ্গে কিবোর্ডের অভাব ব্রাউজারকে অনেকটাই ব্যবহারের ‘অযোগ্য’ করে তুলেছে বলে জানিয়েছে সাইটটি।

আদতে সাফারি ব্রাউজারের মতো দেখতে কোনো অ্যাপ তৈরি করে তা ব্যবহার করছেন বলে সন্দেহ প্রকাশ করেছেন কোমেক্সের সমালোচনাকারীরা। এক টুইটে এই অভিযোগ অস্বীকার করেছেন কোমেক্স। “না, ওয়াচকিট এভাবে কাজ করে না।” বলেন কোমেক্স।