২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পার্টান নয়, আসছে ‘মাইক্রোসফট এজ’

উইন্ডোজ ১০-এ ব্রাউজার হিসেবে থাকবে না ইন্টারনেট এক্সপ্লোরার। আধুনিক সব ফিচার নিয়ে মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে অভিষেক হবে ‘মাইক্রোসফট এজ (Microsoft Edge)’ ব্রাউজারের।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 05:50 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিকোতে আয়োজিত ‘বিল্ড ডেভেলপার্স’ সম্মেলনে নতুন ব্রাউজারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। অভ্যন্তরীণভাবে ‘প্রজেক্ট স্পার্টান’ নামে এতদিন পরিচিতি পাওয়া ব্রাউজারটি আলোচনায় আছে বেশ কিছুদিন ধরেই। প্রযুক্তিভক্তদের মধ্যেও আলাদা কৌতূহল ছিল এটি নিয়ে।

ইন্টারনেট এক্সপ্লোরারের মতো মাইক্রোসফট এজের আইকনটিও ‘e’ হবে বলে বুধবারের ওই সম্মেলনে জানিয়েছেন মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান জো বেলফিওরে।

সিএনএন জানিয়েছে, গুগল ক্রোম আর ফায়ারফক্সের মতো ব্রাউজারগুলোর থেকে খানিকটা পিছিয়ে থাকলেও আধুনিক ব্রাউজারের সব ফিচারই একে একে যুক্ত হবে এতে। এজের জন্য অ্যাপ আর এক্সটেনশন বানানো একেবারেই সহজ হবে—এই দাবিও করেছেন বেলফিওরে।

ব্যবহারকারীদের কাছে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে একরকম উঠেপড়েই লেগেছে মাইক্রোসট। উইন্ডোজ ৭ এবং ৮ ব্যবহারকারীরা বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড পাবেন এই ঘোষণা দেওয়া হয়েছে আগেই। ২০১৮ সালের মধ্যে উইন্ডোজ ১০ ব্যবহারকারীর সংখ্যা একশ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে মাইক্রোসফট।