মোজিলা ছাড়ছেন দুই শীর্ষ কর্মকর্তা
একসঙ্গে মোজিলা ছাড়ছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট লি গং এবং ভাইস প্রেসিডেন্ট অফ মোবাইল রিক ফ্যান্ট।
গুগল ক্রোম, মাইক্রোসফট এক্সপ্লোরার এবং অ্যাপল সাফারির বিপরীতে বাজারের দখল হারাচ্ছিল মোজিলা। প্রতিযোগিতায় টিকে থাকতে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। এর মধ্যেই দুই শীর্ষ কর্মকর্তার প্রস্থানের খবর নিশ্চিত করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেক ক্রাঞ্চ।
লি গং এবং রিক ফ্যান্টের প্রস্থানের খবর নিশ্চিত করেছেন মোজিলা সিইও ক্রিস বিয়ার্ড। ২০০৭ সাল থেকে মোজিলায় কাজ করেছেন গং। এর আগে কাজ করেছেন সান মাইক্রোসিস্টেম এবং মাইক্রোসফট চায়নায়। ফ্যান্টও সাবেক মাইক্রোসফট কর্মী, মোজিলার সঙ্গে ছিলেন দুই বছর।
ফাঁস হওয়া একটি প্রেজেন্টশনের বরাত দিয়ে টেক ক্রাঞ্চ জানিয়েছে ২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে লড়াইয়ের জন্য আঁটঘাট বেধে নামছে মোজিলা। প্রেজেন্টেশনটির সত্যতা নিশ্চিত করেছে মোজিলা।
অন্যদিকে ফায়ারফক্সের আইওএস সংস্করণ উন্মুক্ত করার পরিকল্পনা করছে ফায়ারফক্স। ব্রাউজারে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা করেছে মোজিলা কর্তৃপক্ষ।
