দোকানে এল অ্যাপল ওয়াচ
অবশেষে অ্যাপল স্টোরে এল অ্যাপল ওয়াচ। মার্কিন যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, হং কং, জাপান ও যুক্তরাজ্যের অ্যাপল স্টোরগুলোতে ক্রেতারা ডিভাইসটি পরে দেখতে পারবেন, শুরু হয়েছে প্রি-অর্ডারও। তবে ইতোমধ্যেই জুন মাস পর্যন্ত অর্ডার করা হয়ে গেছে তুলনামূলক কমদামি মডেলগুলো। আর দামি মডেলগুলো বুকড হয়ে আছে স্থানভেদে আগামী এক-দেড় মাস পর্যন্ত।
মার্কিন নেটওয়ার্ক সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে প্রি-অর্ডারের ডিভাইসগুলো ক্রেতাদের হাতে পাঠানো শুরু হবে। তবে ডিভা্সটি পরে দেখতে আগ্রহী ব্যবহারকারীদের সংখ্যা অনেক কম। লন্ডনের অ্যাপল স্টোরে ডিভাইসটি অ্যাপল ওয়াচ দেখার জন্য লাইন ধরা প্রথম ব্যক্তিদের মধ্যে একজন সাইমন শেনটন জানান, “স্টোরে ঢোকার জন্য মাত্র ৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে।” নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউয়ের অ্যাপল স্টোরেও ভিড় কম ছিল বলে জানিয়েছে সিএনএন।
মার্কিন টেক জায়ান্ট অ্যাপল বিগত পাঁচ বছরের মধ্যে এই প্রথম একটি নতুন শ্রেণির পণ্য বের করল, এমনকি স্টিভ জবসের মৃত্যুর পর এটিই অ্যাপলের প্রথম নতুন শ্রেণির ডিভাইস। রাবারের ব্যান্ডযুক্ত অ্যাপল ওয়াচ স্পোর্টের দাম শুরু হচ্ছে ৩৫০ ডলার থেকে, আর ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি অ্যাপল ওয়াচ এডিশনের দাম শুরু হচ্ছে ১০ হাজার ডলার থেকে। তালিকায় সবচেয়ে দামি অ্যাপল ওয়াচটির দাম ১৭ হাজার ডলার।
