বানরের হাতে খন্তা নয়, ইন্টারনেট!
ভারতের বানারস শহরে ইন্টারনেট সংযোগের উন্নয়নে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে একদল বাঁদর! দেশটির উত্তরপ্রদেশে অবস্থিত শহরটি হিন্দুধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত এবং অনেক ধর্মপ্রাণ হিন্দু ওই ম্যাকাক প্রজাতির বাঁদরগুলোকে পবিত্র বলে মনে করেন।
উত্তর প্রদেশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভারতের ইন্টারনেট উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে পরিকল্পনা করেছেন, তারই অংশ হিসেবে বানারস কর্তৃপক্ষ শহরটিতে অপটিকাল ফাইবার কেবল নেটওয়ার্ক বিস্তৃত করছিল। কিন্তু ওই বাঁদরগুলো কামড়ে নষ্ট করে দিচ্ছে ফাইবার অপটিক কেবল।
এ প্রসঙ্গে প্রকল্পটির যোগাযোগ প্রকৌশলী এপি শ্রীভাস্তাভ বলেন, “আমাদের পক্ষে এখান থেকে মন্দির সরিয়ে নেওয়া বা এখানের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। এদিকে বাঁদরগুলো সব তার নষ্ট করছে ও খেয়ে ফেলছে।” তিনি আরও জানান, তারা বিকল্প পন্থা বের করার চেষ্টা করছেন, কিন্তু বিকল্প ব্যবস্থা প্রায় নেই বললেই চলে।
ঘনবসতিপূর্ণ শহর বানারসের বাড়িঘরগুলোর মধ্যে দূরত্বও খুব কম। ফলে মাটির নিচ দিয়ে তার নিয়ে যাওয়া সম্ভব নয়। অন্যদিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্থানীয় জনসাধারণ বাঁদরগুলোকে পবিত্র মনে করায় সেগুলোকে তাড়িয়ে দেওয়াও অসম্ভব। এতে স্থানীয় বসবাসকারীরা ক্ষেপে যেতে পারেন বলেই জানিয়েছে বিবিসি।
