২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডে ‘নিষিদ্ধ’ অ্যাপল ওয়াচ!

পেটেন্ট সংক্রান্ত জটিলতার কারণে সাময়িকভাবে সুইজারল্যান্ডে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের ‘অ্যাপল ওয়াচ’। ৩০ বছরের পুরনো একটি পেটেন্টের কারণে সুইজাল্যান্ডে আটকে গেছে অ্যাপ ওয়াচের বাজারজাতকরণ।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 05:51 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

সুইস টেলিভিশন নেটওয়ার্ক আরটিএসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডে ইংরেজি শব্দ ‘অ্যাপল’ পেটেন্ট করা আছে তিন দশক ধরে। ১৯৮৫ সালে সুইজারল্যান্ডের লিওনার্ড টাইমপিস পেটেন্টটি করিয়েছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।

তবে অ্যাপলের জন্য খুশির খবর হল ৩০ বছরের পুরনো ওই পেটেন্টটির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৫ ডিসেম্বরে।

অ্যাপল ওয়াচ উদ্বোধনের আগে ওই সুইস পেটেন্ট ইসু নিয়ে কিছুই জানায়নি অ্যাপল। কোন কোন দেশের বাজারে ডিভাইসটি আসতে যাচ্ছে তার তালিকাতেও রহস্যময়ভাবে সুইজারল্যান্ডে নাম ছিল না বলে জানিয়েছে ম্যাশএবল। তবে অ্যাপল ওয়াচ দেশটির বাজারে আসতে দেরি হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছে স্থানীয় ঘড়ি ব্যবসায়ীরা। সম্প্রতি সোয়াচের সহকারী উদ্ভাবক অ্যাপল ওয়াচের আগমনকে সুইস ঘড়ি নির্মাতাদের জন্য  ‘আইস এজ’-এর সূচনা করবে বলে মন্তব্য করেছিলেন।

২৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানী, হংকং এবং জাপানের বাজার দিয়ে শুরু হবে অ্যাপল ওয়াচের আনুষ্ঠানিক যাত্রা।