২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালক ছাড়াই গাড়ির ১৫ শহর পার

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত ৩ হাজার ৪শ’ মাইল পাড়ি দিয়েছে কোনো চালকবিহীন গাড়ি। চালকবিহীন গাড়ির ইতিহাসে এত লম্বা পথ পাড়ি দেওয়ার এটাই প্রথম ঘটনা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 05:47 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, চালকবিহীন গাড়ির কার্যক্ষমতা যাচাই করতে এক বিশেষ প্রকল্প হাতে নিয়েছিল অটোমোবাইল পার্টস নির্মাতা প্রতিষ্ঠান ডেলফি। ওই প্রকল্পের অংশ হিসেবে নয় দিনে ৩ হাজার ৪শ’ মাইল দূরত্ব পাড়ি দিয়েছে চালকবিহীন অডি এসকিউ৫ গাড়িটি, অতিক্রম করেছে ১৫টি শহর।   

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের গোল্ডেন গেইট ব্রিজ থেকে যাত্রা শুরুর নয় দিন পর বৃহস্পতিবার পূর্ব উপকূলের নিউ ইয়র্কের ম্যানহাটনে পৌঁছায় চালকবিহীন গাড়িটি।

যুক্তরাষ্ট্রের আইন মেনে পরীক্ষা চালাতে যাত্রা পথের পুরোটা সময় চালকরে আসনে ছিলেন একজন ব্যক্তি। যে কোনো জরুরী প্রয়োজনে গাড়ির নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি। ডেলফির দাবি, যাত্রপথে গাড়িটির ৯৯ শতাংশ কার্যক্রমই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়েছে।

অডি এসকিউ৫ মডেলের গাড়িটিতে স্বয়ংক্রিয়ভাবে চলার উপযোগী করতে ব্যবহার করা হয়েছে রেডার, একাধিক মাইক্রোপ্রসেসর এবং বিশেষ সফটওয়্যার যা শহরের রাস্তায় চলাচল করতে বা পার্ক করতে মানুষের মতোই সিদ্ধান্ত নিতে সক্ষম।

যাত্রাপথে গাড়িটিকে গোলচক্কর, ব্রিজ, সুড়ঙ্গ, নির্মাণাধীন এলাকা, বেপরোয়া চালক আর আবহাওয়ার মতো নানা জটিলতার মোকাবেলা করতে হয়েছে বলে জানিয়েছে ডেলফি।

সিএনএন জানিয়েছে, নিজস্ব চালকবিহীন গাড়ি নির্মাণের ইচ্ছা নেই ডেলফির। তবে এ সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্য অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে ইচ্ছুক প্রতিষ্ঠানটি।