২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অ্যাপ নিয়ে কাজ করছে ড্রপবক্স

নতুন এক ‘নোট-টেকিং’ অ্যাপের বেটা সংস্করণ নিয়ে কাজ করছে ফাইল হোস্টিং সার্ভিস ড্রপবক্স। ‘প্রজেক্ট কম্পোজার’ নামক ওই অ্যাপ ব্যবহারকারীর নোট, টু-ডু লিস্ট, ড্রপবক্স ফাইল ও ক্যালেন্ডার ইনফর্মেশন সমন্বয় করবে।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপটি সম্পর্কে প্রথম তথ্য দেয় নতুন প্রযুক্তিপণ্য ও সেবাবিষয়ক সাইট ‘প্রোডাক্ট হান্ট ডটকম’। ওই সাইটটির দেওয়া তথ্য অনুযায়ী ড্রপবক্সের সব ব্যববহারকারীর জন্য উন্মুক্ত নয় ‘প্রজেক্ট কম্পোজার’। ‘প্রাইভেট বেটা’ পর্যায়ে আছে অ্যাপটি।

প্রজেক্ট কম্পোজার ব্যবহারের সুযোগ পাচ্ছেন, এমন হাতে গোনা ব্যবহারকারীদের একজন ম্যাগি বিগনেল। অ্যাপটির কার‌্যক্ষমতা সম্পর্কে বিগনেল বলেন, “প্রজেক্ট কম্পোজার মূলত ব্যবহারকারীর ক্যালেন্ডারের সঙ্গে তার নোটস, টু-ডু লিস্ট এবং ড্রপবক্স ফাইলগুলোকে সিঙ্ক করবে, যা পরে আলাদা আলাদা নোটে পরিণত করা যাবে।”

বিগনেল আরও জানান, অ্যাপটিতে একটি নোট নিয়ে কাজ করতে পারবেন কয়েকজন ব্যবহারকারী। যোগ করা যাবে ছবি, ড্রপবক্স ফাইল, টেবিল ইত্যাদিও।

২০১৪ সালে স্টার্টআপ প্রতিষ্ঠান হ্যাকপ্যাড কিনে নিয়েছিল ড্রপবক্স কর্তৃপক্ষ। হ্যাকপ্যাড সাপোর্টও থাকছে প্রজেক্ট কম্পোজারে। ধারণা করা করা হচ্ছে, প্রজেক্ট কম্পোজারের পেছনে কাজ করছে সাবেক হ্যাকপ্যাড দলটি। কারণ বিগনেলসহ যেসব ব্যবহারকারী নতুন অ্যাপটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন, তারা আগে হ্যাকপ্যাডের ব্যবহারকারী ছিলেন।

প্রজেক্ট কম্পোজার অ্যাপটি কবে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে শীঘ্রই অ্যাপটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে ড্রপবক্স।